নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ২১:৩৫ পিএম
নড়াইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড মুক্তমঞ্চে আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের রাজনৈতিক ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম ও অসুস্থ সংস্কৃতি পরিবর্তন করতে হবে।
বিশেষ করে নির্বাচনের আগের রাতে প্রভাব বিস্তার ও অনৈতিক সুবিধা নেওয়ার প্রবণতা বন্ধ করে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও জবাবদিহিমূলক নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে হবে। শনিবার বিকালে নড়াইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড মুক্তমঞ্চে আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, শুধু রাজনৈতিক পরিবর্তন করলেই হবে না; সমাজের চিন্তা-চেতনা ও আচরণগত পরিবর্তনও জরুরি। জনগণের সচেতন অংশগ্রহণ ছাড়া কোনো কাঙ্ক্ষিত পরিবর্তন স্থায়ী হবে না। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, এনসিপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে। প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম বিস্তারের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে।
তিনি আরও বলেন, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় তরুণ নেতৃত্বকে সামনে আনতে হবে। জনগণের অধিকার, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।
জেলা এনসিপির আহ্বায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহামুদা সুলতানা রিমির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সংসদ সদস্য ও দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক প্রমুখ। এ সময় এনসিপি নড়াইল জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম সাইফুজ্জামান, শাহজাহান খান সাজুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।