সড়কটি ভেঙে পড়ায় অটোরিকশা, ভ্যানসহ সব ধরনের হালকা যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
টানা কয়েক দিনের অতিবৃষ্টিতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী থেকে জিলবাড়ী পর্যন্ত এলজিইডির আওতাধীন গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন অংশ খালের গর্ভে বিলীন হয়েছে।
এতে অন্তত পাঁচটি গ্রামের মানুষের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সড়কটি ভেঙে পড়ায় অটোরিকশা, ভ্যানসহ সব ধরনের হালকা যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এলাকাবাসী অনেকের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাঙন চললেও কার্যকর কোনো সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি।
সরেজমিনে শুক্রবার দেখা যায়, রাজাবাড়ির মহিউদ্দিন চেয়ারম্যানের বাড়ির সামনের অংশ থেকে বিন্না বাজার হয়ে জিলবাড়ী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় ধরনের ধস নেমেছে। কয়েক বছরের খালভাঙনে সড়কের বড় অংশ আগেই বিলীন হয়েছিল। সাম্প্রতিক টানা বর্ষণে অবশিষ্ট অংশেও গভীর গর্ত সৃষ্টি হয়েছে, যা এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
আরও দেখা যায়, যান চলাচল বন্ধ থাকায় স্থানীয়রা ভাঙা স্থানে কাঠের তক্তা ও ছোট সাঁকো বসিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচলের ব্যবস্থা করেছেন। প্রতিদিন ঝুঁকি নিয়ে ওই পথ ব্যবহার করছেন যাত্রীরা।
সড়কটি দিয়ে বিন্না, রাজাবাড়ী, জিলবাড়ী, উড়িবুনিয়া ও লেবুবাড়িসহ অন্তত পাঁচটি গ্রামের মানুষ এবং পাশের নাজিরপুর উপজেলার তিনটি গ্রামের বাসিন্দারা উপজেলা সদর ও স্থানীয় হাটবাজারে যাতায়াত করেন
পাশাপাশি কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরাও এই সড়ক ব্যবহার করে
সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি অসুস্থ রোগী, বৃদ্ধ ও কর্মজীবী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
সবার আগে বলদিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, সড়কটি ধসে পড়ায় মানুষ এখন হেঁটে উপজেলা সদর ও ইন্দেরহাটে যেতে বাধ্য হচ্ছে।
বিশেষ করে অসুস্থ মানুষ, বৃদ্ধ ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন। দ্রুত সংস্কার না হলে দুর্ভোগ কমবে না বলেও দাবি তার।
বলদিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, সড়কটি আগে থেকেই নাজুক ছিল। বর্তমানে রাজাবাড়ী থেকে বিন্না পর্যন্ত অংশের অবস্থা আরও খারাপ হয়েছে এবং বর্ষায় বিভিন্ন অংশ খালের মধ্যে বিলীন হয়েছে।
তিনি জানান, একবার সড়কটির জন্য টেন্ডার দেওয়া হলেও কাজের বাস্তবায়ন হয়নি। তাই দ্রুত সংস্কার জরুরি।
এলাকাবাসী সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার এবং স্থায়ীভাবে ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।