প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১৮:৩৫ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৬ ১৮:৪১ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: ভিডিও থেকে
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয় বলে মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুক্রবার অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুল-ত্রুটি হয়। আমরা একটি কথা পরিষ্কার বলেছি- অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না”।
জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, “যারা দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, তারা আমাদের কোনো অন্যায়-অপরাধ দেখলে আমাদের ধরিয়ে দিন। আমরা কথা দিচ্ছি, আমরা নিজেদের সংশোধন করব”।
দলীয় কর্মীদের সতর্ক করে তিনি বলেন, “আমি সহকর্মীদের বলব, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে, তাহলে আপনাকে আরও যত্নশীল হতে হবে। সমাজে একটি কথা প্রচলিত আছে- সাদা কাপড়ে দাগ কম লাগে, কিন্তু যা লাগে, তা স্পষ্টভাবে দেখা যায়”।
শফিকুর রহমান বলেন, “নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই। আমরা সংশোধনের চেষ্টা করব। যদি সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হয়, তাহলে আমরা সংশোধন করে তাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার চেষ্টা করব। কিন্তু সেই মাত্রা যদি গুরুতর হয়, তাহলে আমাদের কিছুই করার থাকবে না”।