প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৮:৪০ পিএম
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে প্রচারিত ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফাইল ছবি
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় ইতোমধ্যে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর বক্তব্য এবং দ্বিতীয় স্ত্রীর বাবার বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে আরও খোঁজখবর নেওয়া হবে এবং প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
এর আগে ভাইরাল হওয়া একটি ভিডিওতে একজন নারী ও গাজী নজরুল ইসলামকে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। ভিডিওর কিছু অংশে ওই ব্যক্তিকে ফোনে কথা বলতে এবং অন্য কিছু অংশে নারীটির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।
ভিডিওটি প্রকাশের পর বিভিন্ন ধরনের দাবি সামনে আসে। এমন বাস্তবতায় ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায়, ভাইরাল ভিডিওটি সম্পাদিত বা কৃত্রিম নয়; এটি আসল ভিডিও।
গাজী নজরুল ইসলাম নিজের অবস্থান তুলে ধরে এক বিবৃতিতে দাবি করেছেন, ভিডিওতে থাকা তরুণীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক নেই তার। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃতভাবে একে প্রচার করা হচ্ছে।
তিনি আরও জানান, গত ১৩ জুলাই তিনি প্রথম স্ত্রী মাকছুদা বেগম ও দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগমকে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর ব্যবসায়িক কার্যালয়ে যান। সেখানে তারা প্রায় সোয়া এক ঘণ্টা অবস্থান করেন। জোহরের নামাজের আগে তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যান। পরে তিনি পাঁচ থেকে সাতজন অপরিচিত ব্যক্তিকে নিয়ে কক্ষে প্রবেশ করে তাদের জিম্মি করে এক লাখ টাকা আদায় করেন।
একই সঙ্গে তিনি দাবি করেন, তার ব্যবহৃত ভাড়াকৃত গাড়িটি আটকে রেখে দফায় দফায় কয়েক লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।
জামায়াত এমপির দাবি, পরে তিনি জানতে পারেন, দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর সঙ্গে ওবায়দুল্লাহর পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে।
গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকছুদা বলেন, ‘আমার স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে যারা কুৎসা রটাচ্ছেন, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।’
এ ছাড়া ভাইরাল ভিডিওতে থাকা তরুণীর বাবা বলেন, ‘এটি সামাজিকভাবে হেনস্তা করার অপচেষ্টা। গত ১৭ জুন আমার বড় মেয়ের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে হয়েছে। বিয়েতে তার প্রথম স্ত্রীসহ উভয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।’
ভিডিওতে থাকা তরুণীও দাবি করেছেন, বৈধভাবে তাদের বিয়ে হয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।