× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাইরাল ভিডিও নিয়ে বিবৃতি জামায়াত এমপি নজরুলের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৭:০১ পিএম

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম। ফাইল ছবি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম। ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত একটি ভিডিওকে কেন্দ্র করে নিজের অবস্থান তুলে ধরে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম। 

এতে তিনি দাবি করেছেন, ভিডিওতে থাকা তরুণীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক নেই তার। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃতভাবে একে প্রচার করা হচ্ছে।

গাজী নজরুল ইসলাম মঙ্গলবার দেওয়া ওই বিবৃতিতে জানান, গত ১৩ জুলাই তিনি প্রথম স্ত্রী মাকছুদা বেগম ও দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগমকে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর ব্যবসায়িক কার্যালয়ে যান। সেখানে তারা প্রায় সোয়া এক ঘণ্টা অবস্থান করেন।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, জোহরের নামাজের আগে তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যান। পরে তিনি পাঁচ থেকে সাতজন অপরিচিত ব্যক্তিকে নিয়ে কক্ষে প্রবেশ করে তাদের জিম্মি করে এক লাখ টাকা আদায় করেন। 

একই সঙ্গে তিনি দাবি করেন, তার ব্যবহৃত ভাড়াকৃত গাড়িটি আটকে রেখে দফায় দফায় কয়েক লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।

জামায়াত এমপির দাবি, পরে তিনি জানতে পারেন, দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর সঙ্গে ওবায়দুল্লাহর পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে একজন নারী ও গাজী নজরুল ইসলামকে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। ভিডিওর কিছু অংশে ওই ব্যক্তিকে ফোনে কথা বলতে এবং অন্য কিছু অংশে নারীটির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। 

ভিডিওটি প্রকাশের পর বিভিন্ন ধরনের দাবি সামনে আসে। এমন বাস্তবতায় ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায়, ভাইরাল ভিডিওটি সম্পাদিত বা কৃত্রিম নয়; এটি আসল ভিডিও, তবে সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল-সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ‘ক্রাইম বার্তা’ ভিডিওটি নিয়ে ভিন্ন দাবি করেছে।

নজরুল ইসলাম আরও অভিযোগ করেন, হিংসা ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ওবায়দুল্লাহ তাদের স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ওই ভিডিওকে কেন্দ্র করে কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে এটিকে বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনা হিসেবে প্রচার করছেন, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, গত ১৭ জুন পারিবারিকভাবে ও তার প্রথম স্ত্রীর সম্মতিতে দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগমের সঙ্গে মো. মাসুম বিল্লাহর বাসভবনে তাদের বিয়ে হয়। তাই তাদের বিরুদ্ধে প্রচারিত তথ্যের কোনো সত্যতা নেই।

জামায়াত এমপি আরও বলেন, সামাজিক মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও নৈতিক চরিত্র ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হয়েছে। 

জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুল রহমান প্রতিদিনের বাংলাদেশকে জানান, ভাইরাল হওয়া ভিডিওতে থাকা নারী গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী। তাদের বিয়ে পারিবারিকভাবেই হয়েছে। 

অন্যদিকে গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকছুদা বলেন, ‘আমার স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে যারা কুৎসা রটাচ্ছেন, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।’

এ ছাড়া ভাইরাল ভিডিওতে থাকা তরুণীর বাবা বলেন, ‘এটি সামাজিকভাবে হেনস্তা করার অপচেষ্টা। গত ১৭ জুন আমার বড় মেয়ের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে হয়েছে। বিয়েতে তার প্রথম স্ত্রীসহ উভয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।’

ভিডিওতে থাকা তরুণীও দাবি করেছেন, বৈধভাবে তাদের বিয়ে হয়েছে। 

তিনি বলেন, ‘আমাদের বিয়ে বৈধ। পরিকল্পিতভাবে আমাদের সম্মানহানি ও সামাজিকভাবে হেনস্তা করার উদ্দেশ্যে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা