পিরোজপুর সংবাদদাতা
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১১:০৮ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৬ ১১:১৫ এএম
নেছারাবাদে রবিবার রাতে এনসিপির আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন হাসনাত আবদুল্লাহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পিরোজপুরের নেছারাবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার পথসভায় সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (এমপি)।
তিনি নির্বাচন, বিদ্যুৎ, জ্বালানি ও দ্রব্যমূল্য নিয়ে সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন।
নেছারাবাদে রবিবার রাতে এনসিপির আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতের সরকার ভোট চুরি করলেও বর্তমান সরকার ভোটের ফলাফল চুরি করেছে।
তার দাবি, জনগণের বড় অংশ ‘হ্যাঁ’র পক্ষে রায় দিলেও সরকার সেই জনমতকে অস্বীকার করেছে।
নির্বাচনি প্রচারে দেওয়া প্রতিশ্রুতিও সরকার রক্ষা করতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বিএনপি বর্তমানে রাজনৈতিকভাবে পথ হারানোর অবস্থায় রয়েছে। ভুল পরামর্শের কারণে দলটির অবস্থান দুর্বল হয়েছে বলেও মন্তব্য করেন।
একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, সরকার যদি জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে জনগণ বিকল্প শক্তি গড়ে তুলতে দেরি করবে না।
সরকারের অর্থনৈতিক নীতির সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ইরান যুদ্ধকে অজুহাত দেখিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও পরে তা আর কমানো হয়নি।
বিদ্যুৎ পরিস্থিতির অবনতির কারণে গ্রামাঞ্চলে লোডশেডিং বেড়েছে এবং মানুষকে কার্যত হারিকেন ও মোমবাতির ওপর নির্ভর করতে হচ্ছে বলেও দাবি করেন তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ঘোষণা এলেও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ও চাকরিজীবীরা চরম চাপের মধ্যে রয়েছেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক মো. হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নাছিমদৌল্লাহ হিরু।
এতে সংরক্ষিত নারী সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।