দিনাজপুরে শনিবার বিকালে জুলাই পথযাত্রার সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আখতার হোসেন। ছবি: এনসিপি
তত্ত্বাবধায়ক সরকারের পুরনো ফর্মুলা বাদ দিয়ে নতুন ফর্মুলা দিতে হবে বলে দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের বটতলী এলাকায় শনিবার বিকালে আয়োজিত জুলাই পথযাত্রার সমাবেশে প্রধান অতিথি হিসেবে এ দাবি জানান আখতার হোসেন। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নানা ধরনের অস্থিরতা তৈরি হযেছিল। সে সময় তত্ত্বাবধায়ক সরকার এসেছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশে ১৭ বছর ধরে ফ্যাসিবাদ চাপিয়ে দিলেন।’
তিনি আরও বলেন, ‘বর্তমান যে ফর্মুলা তত্ত্বাবধায়ক সরকারের রয়েছে সেটি আমাদের জন্য অসুবিধা। কারণ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন সাবেক বিচারপতিরা। ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের একটি নতুন ফর্মুলা তৈরি করতে হবে। সেটি জুলাই সনদের মধ্যে বলা আছে। বর্তমান বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকারের পুরনো ফর্মুলা মানে, নতুন ফর্মুলা মানতে চায় না।’
আখতার হোসেন বলেন, ‘গণঅভ্যুত্থানের পর আমরা সকলে প্রত্যাশা করেছিলাম, একটা নতুন বাংলাদেশ আমরা পাবো। যে বাংলাদেশে প্রশাসন নিরপেক্ষ থাকবে। যে বাংলাদেশে মানুষ ঘুষ ছাড়া চাকরি পাবে, যে বাংলাদেশে মেধার মূল্যায়ন করা হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই বাংলাদেশের মানুষ যে নতুন রাষ্ট্রটা গড়ার জন্য ভোট দিয়েছিল, সেই ভোটটাকেই এখন আর কার্যকর করা হচ্ছে না। আমরা দুইটা ভোট দিয়েছি। সরকার গঠনের ভোট আর গণভোট। তারা সরকার গঠন করেছে ঠিকই, কিন্তু গণভোট আর মানে না।’
এনসিপির ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইমরান চৌধুরী নিশাদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ড. আতিক রহমান মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ, ফুলবাড়ী শাখার যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার মেয়র প্রার্থী শিহাব হোসেন প্রমুখ। এছাড়া জুলাই পথযাত্রার সমাবেশে এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।