শরীফ স্বাধীন, মাগুরা
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৩:০৪ পিএম
মাগুরা সদরের ভাবনহাটি বাজারে নির্মিত মার্কেট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নে ভাবনহাটি বাজারে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে দোতলার একটি সরকারি মার্কেট তৈরি করা হয়।
এটির নির্মাণ শেষ হলে উপজেলা প্রশাসনের কাছে প্রায় দুই বছর আগে হস্তান্তর করা হয়। কিন্তু এখন পর্যন্ত দোকান বরাদ্দ না হওয়ায় মার্কেটটি কোনো কাজে আসছে না। ব্যবহারহীন অবস্থায় পড়ে আছে। এদিকে মার্কেটের বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রথমে এর নির্মাণ ও হস্তান্তরের বিষয়ে কিছু জানেন না বলে এ প্রতিবেদকে জানান। পরে অফিসে গিয়েও প্রকল্প সংক্রান্ত কোনো ফাইল বা কাগজপত্র দেখাতে পারেননি ইউএনও।
ফলে মার্কেটের রক্ষণাবেক্ষণ ও প্রশাসনিক তদারকি নিয়ে স্থানীয়দের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, মার্কেটের হস্তান্তরের প্রায় দুই বছর পরও উপজেলা প্রশাসনের কাছে এটি অজানা। অফিসে সংরক্ষিত ছিল না প্রকল্পটির তথ্য-উপাত্ত।
জানা যায়, ব্রিটিশ আমল থেকে মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের ভাবনহাটি বাজার এ অঞ্চলের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। একসময় আশপাশের কয়েকটি উপজেলার কৃষিপণ্য, পাট, ধান, চাল, মাছ, গবাদিপশু ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রধান কেনাবেচার কেন্দ্র ছিল এটি। আজও বাজারে ব্রিটিশ আমলের পুরনো গুদামঘরের স্থাপনা দাঁড়িয়ে আছে। এই বাজারকে আধুনিক রূপ দিতেই নতুন ভবনটি বানানো হয়।
জেলা এলজিইডি প্রকৌশলী শাখা সূত্রে জানা যায়, গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবছরে মার্কেটটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০২০ সালের ২ ফেব্রুয়ারি ঝিনাইদহের ঠিকাদারি প্রতিষ্ঠান কেএমআর-পিকে (জেভি) কার্যাদেশ পেলেও পরে তা কিনে নেয় মাগুরার পরিতোষ এন্টারপ্রাইজ। সংশোধিত চুক্তিমূল্য ২ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ৪৬৪ টাকায় নির্মাণকাজ ২০২৪ সালের ২০ এপ্রিল শেষ হয়। পরে একই বছরে এলজিইডি মার্কেটটি সদর উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে।
সম্প্রতি সরেজমিন গিয়ে দেখা যায়, মার্কেটের নিচতলায় চারটি দোকান, চারটি বড় চান্দিনা এবং দ্বিতীয় তলায় ১৮টি দোকান রয়েছে। সিঁড়ি ও বারান্দায় ময়লা-আবর্জনার স্তূপ জমে আছে। এর বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। নিচতলা ও দোতলায় নিয়মিত বখাটেদের আড্ডা বসছে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর মার্কেটটি মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়। এতে আশপাশের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা ইউএনও মেহেরুন্নাহার বলেন, ভাবনহাটি বাজারে মার্কেট নির্মাণ ও হস্তান্তরের বিষয়ে তার কোনো ধারণা নেই। পরে নির্ধারিত সময়ে অফিসে গিয়ে প্রকল্পের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সংশ্লিষ্ট ফাইল ও কাগজপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে তিনি বলেন, সরকার পরিবর্তন ও নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনের কারণে বিষয়টি আগে গুরুত্বসহকারে দেখা সম্ভব হয়নি। বাজার কমিটির সঙ্গে আলোচনা করে দ্রুত দোকান বরাদ্দের উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, সরকারি অর্থ ব্যয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো শুধু প্রশাসনিক উদ্যোগের অভাবে অকেজো হয়ে পড়ে আছে। দ্রুত দোকান বরাদ্দ না দিলে একদিকে সরকারি অর্থের অপচয় হবে, অন্যদিকে রক্ষণাবেক্ষণের অভাবে মার্কেটটি আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের দাবি, দ্রুত ভবনটি চালু করে ঐতিহ্যবাহী ভাবনহাটি বাজারে ব্যবসা-বাণিজ্যের প্রাণ ফিরিয়ে আনা হোক।
মাগুরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আ. ন. ম. ওয়াহিদুজ্জামান বলেন, নির্মাণকাজ শেষ হওয়ার পরই ভবনটি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। দোকান বরাদ্দ ও ভবন পরিচালনার দায়িত্ব উপজেলা প্রশাসনের।