এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম। ফাইল ছবি
জুলাই সনদ গণভোটের রায়ের আলোকে বাস্তবায়ন করতে হবে বলে দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, “সরকারের নোট অব ডিসেন্টের আলোকে বাস্তবায়ন করলে আমাদের সহযোগিতা তো থাকবেই না বরং আমাদের অংশগ্রহণও থাকবে না।”
জুলাই শহিদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ সত্যিকার অর্থে যদি সরকার বাস্তবায়ন করতে চায় তাহলে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। সংস্কার, বিচার, ফ্যাসিবাদের বিলুপ্তি, বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি ইত্যাদি প্রশ্নে আমরা সরকার, বিরোধী দল হিসেবে দেখি না। আমরা দেখি জনগণের পক্ষে রায়, জনগণের পক্ষে এক কাতারে দাঁড়াতে হবে। তবে সেরকম আলামত আমরা সরকারের আচরণে দেখছি না।”
বিরোধীদলীয় চীফ হুইপ বলেন, “গণভোটে শতকরা ৭০ ভাগ মানুষ হ্যাঁ-এর পক্ষে রায় দিয়েছে, কিন্তু বর্তমান সরকার সেই রায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে। গণভোটের রায় তারা কার্যকর করছে না। জুলাই সনদ তারা মুখে মুখে কার্যকর করবে বলছে, এটা কেবল তাদের মৌখিক প্রতারণা।”
এনসিপির আহ্বায়ক বলেন, “বিএনপি ৩১ দফার সাথেও প্রতারণা করেছে। তারা বলেছে সংবিধান সংস্কার কমিশন করবে, সেটি তারা করেনি। ফলে আমরা আশা করব এই জুলাই শহিদ দিবস পালন করলেই হবে না বা আবু সাঈদকে মুখে মুখে স্মরণ করলেই হবে না, গণভোটের রায়ের আলোকে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং এই দেশের দুর্নীতি ও বৈষম্য দুর করে আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে। জুলাই গণঅভ্যুত্থানের এই বিপ্লবের সুফলকে সকলের কাছে পৌঁছে দিতে হলে রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই।”
তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের পরে আমাদের দাবি ছিল তিনটি। বিচার, সংস্কার ও নির্বাচন। আমরা দেখেছি নির্বাচন হয়েছে, কিন্তু বিচার, সংস্কার বাংলাদেশের জনগণ পায়নি। আবু সাঈদ হত্যা মামলার রায় আমরা পেয়েছি কিন্তু রায় এখনও কার্যকর হয়নি। সেই মামলার রায় নিয়ে আপিল করা হয়েছে, চীফ প্রসিকিউটরের দায়িত্ব সুপ্রীম কোর্টে সেই আপিল যাতে দ্রুত সময়ের মধ্যে শুনানি হয়, কিন্তু আমরা কোনও আপডেট পাইনি।”
তিনি আরও বলেন, আবু সাঈদ হত্যা মামলার রায়ে শেখ হাসিনার ফাঁসি হয়েছে, আমরা আশা করব সরকার শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত সেই রায় বাস্তবায়ন করবে। সেই সাথে অন্য সকল মামলার রায় প্রদান করে তা দ্রুত বাস্তবায়ন করবে। এতে জুলাই আন্দোলনে যারা ভিকটিম ও তাদের পরিবার ন্যায়বিচার পাবে।
এ সময় উপস্থিত ছিলেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্যরা।