প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ ২১:২৭ পিএম
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) লোগো। ফাইল ছবি
গণভোটে জনগণের দেওয়া ম্যান্ডেট অস্বীকার করা রাজনৈতিক প্রতারণার শামিল বলে মন্তব্য করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
দলটির দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু স্বাক্ষরিত এক বিবৃতিতে বুধবার জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এই প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক পটভূমি, জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষা এবং জাতীয় সনদ ও গণভোটে প্রকাশিত গণরায়ের আলোকে বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থার মৌলিক সংস্কার এখন সময়ের অনিবার্য দাবি।
জনগণ শুধু সরকার পরিবর্তনের জন্য আত্মদান করেনি; তারা বৈষম্য দূরীকরণ, রাষ্ট্র পরিচালনার বিদ্যমান কাঠামোর পরিবর্তন, ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান, আইনের শাসন এবং অন্তর্ভুক্তিমূলক শাসন কাঠামো তথা অংশীদারিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা ব্যক্ত করেছে।
জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠনের উদ্যোগের সমালোচনা করে জেএসডি নেতারা বলেন, বর্তমান সরকার গণআকাঙ্ক্ষা বাস্তবায়নের পরিবর্তে তথাকথিত সংবিধান সংশোধনের পথে এগোচ্ছে। অথচ জুলাই গণঅভ্যুত্থান ও গণভোটে জনগণ সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার মৌলিক পুনর্গঠনের পক্ষে সুস্পষ্ট ম্যান্ডেট দিয়েছে। নামসর্বস্ব সংশোধন সেই ম্যান্ডেট বাস্তবায়নের বিকল্প হতে পারে না।
বিবৃতিতে আরও বলা হয়, সংবিধান কোনো সরকার বা সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার দলিল নয়; এটি জনগণের সার্বভৌম সম্মতির দলিল। তাই জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট উপেক্ষা করে গতানুগতিক সংশোধনের মাধ্যমে রাষ্ট্রের সাংবিধানিক ভিত্তি নির্ধারণের চেষ্টা জনগণের সার্বভৌম সিদ্ধান্তকেই অস্বীকার করে। সরকার নির্বাচনপূর্ব রাষ্ট্র ও সংবিধান সংস্কারের যে অঙ্গীকার করেছিল, বর্তমান উদ্যোগ তার সম্পূর্ণ বিপরীত। এটি শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ নয়, জনগণের সঙ্গে রাজনৈতিক প্রতারণাও।
জেএসডি অবিলম্বে গণভোটে অনুমোদিত ম্যান্ডেট বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিধিত্বশীল সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই জাতীয় সনদের আলোকে নতুন সাংবিধানিক কাঠামো প্রণয়নের মাধ্যমে অধিকতর সংস্কারের ভিত্তি স্থাপনের দাবি জানিয়েছে।
নেতৃদ্বয় বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের সার্বভৌম ক্ষমতার প্রত্যক্ষ প্রকাশ। সেই গণরায় উপেক্ষা করে সরকার যদি গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার পরিষদ গঠনের পরিবর্তে গতানুগতিক সংবিধান সংশোধনের পথেই অগ্রসর হয়, তবে ভবিষ্যতে সৃষ্ট সব রাজনৈতিক, সাংবিধানিক ও আইনি সংকটের দায়ভার বর্তমান সরকারকেই বহন করতে হবে।