বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২২ মিনিট আগে
আপডেট : ২১ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে বুধবার বিকালে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত ‘স্মরণগাথায় জুলাই: বিপ্লবের দিনগুলি’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, জুলাই সনদের গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল এবং সংবিধান সংস্কারের পরিবর্তে কেবল সংশোধন কমিটি গঠন গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে বুধবার বিকালে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত ‘স্মরণগাথায় জুলাই: বিপ্লবের দিনগুলি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ১৫ জুলাই একটি ঐতিহাসিক দিন। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল।
তিনি বলেন, জুলাই আন্দোলনে নারী শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের অবদান স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কর্মসূচি নেই। প্রশাসন শুধু ৫ আগস্টকে কেন্দ্র করে কর্মসূচি গ্রহণ করেছে বলে অভিযোগ করেন তিনি।
অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটের সমালোচনা করে তিনি বলেন, একই সময়ে টিএসসিতে ছাত্রদলের কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকায় সেখানে বিদ্যুৎ ছিল। কিন্তু বিরোধী রাজনৈতিক কর্মসূচি হওয়ায় তাদের অনুষ্ঠানে বিদ্যুৎ চলে যায়। এতে বিশ্ববিদ্যালয়ের অগণতান্ত্রিক চর্চার প্রতিফলন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।