× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চেক জালিয়াতি মামলা

৫ দিনের মাথায় জামিন অভিযুক্ত সরকারি কর্মচারীদের

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ৬ ঘণ্টা আগে

ফুলগাজী উপজেলা পরিষদ ভবন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফুলগাজী উপজেলা পরিষদ ভবন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের ২৬টি সরকারি চেক জালিয়াতির মাধ্যমে প্রায় ৫১ লাখ টাকা আত্মসাতের ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন সরকারি কর্মচারী পাঁচ দিনের মাথায় জামিন পেয়েছেন।

ফুলগাজী আমলি আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম রবিবার বিকালে তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে ৭ জুলাই উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর আবদুল হালিম চৌধুরী বাদী হয়ে ফুলগাজী থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় উপজেলা পরিষদের সাবেক কম্পিউটার অপারেটর পার্থ সারথী পাল (বর্তমানে ছাগলনাইয়া উপজেলা পরিষদে কর্মরত), বর্তমান অফিস সহায়ক মো. ফিরোজ ও নুর ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও আদালত সূত্র জানায়, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে এ ধরনের দুর্নীতির অভিযোগ তদন্তের এখতিয়ার পুলিশের না থাকায় আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে বিষয়টি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে।

বর্তমানে মামলাটি দুদকের তদন্তাধীন রয়েছে। একই ঘটনায় পরবর্তীতে করা একটি সাধারণ ডায়েরির (জিডি) অনুলিপিও দুদকের নোয়াখালী সমন্বিত কার্যালয়ে পাঠানো হয়েছে বলেও জানায় সূত্র।

এদিকে আদালতের এই শুনানির বিষয়ে মামলার বাদী আবদুল হালিম চৌধুরী বিস্ময় প্রকাশ করে বলেন, মামলার শুনানির বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি।

আদালতে যেতে বলা হয়নি এবং বাদীপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন কি না, সেটিও আমার জানা নেই, দাবি তার।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান জানান, এটি দুদকের তফসিলভুক্ত অপরাধ হওয়ায় আদালতও মামলার ডকেট দুদকে পাঠানোর পর্যবেক্ষণ দিয়েছেন।

তিনি বলেন, থানা ও দুদকের তদন্ত একসঙ্গে চলার সুযোগ নেই। এখন দুদক তদন্ত করে দেখবে এই জালিয়াতিতে কারা জড়িত।

অনুসন্ধানে জানা গেছে, ২০২৫ সালের ১৫ জুলাই থেকে চলতি বছরের ৩ মার্চ পর্যন্ত আট মাসে ২৬টি চেকের প্রতিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষরের পর মূল অঙ্কের সঙ্গে কৌশলে অতিরিক্ত দুই লাখ টাকা এবং কথার অংশেও একই পরিমাণ অর্থ যুক্ত করে ব্যাংক থেকে মোট ৫১ লাখ ৪৫৫ টাকা উত্তোলন করা হয়। অথচ ২৬টি চেকে প্রকৃত অনুমোদিত অর্থ ছিল মাত্র ৭ লাখ ৪৫৫ টাকা।

জানা যায়, সর্ব প্রথম জালিয়াতিটি ঘটে ২০২৫ সালের ১৫ জুলাই অফিস আপ্যায়ন খাতের ৩ হাজার টাকার একটি চেকে, যা পরিবর্তন করে ২ লাখ ৩ হাজার টাকা করা হয়। আর সর্বশেষ জালিয়াতিটি ঘটে চলতি বছরের ৩ মার্চ গাড়ির জ্বালানি বিলের ১৬ হাজার ৭২২ টাকার চেকে।

সদ্য বিদায়ী ইউএনও ফাহরিয়া ইসলাম দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতিকালে চেকবইয়ের কাউন্টার ফয়েল, ব্যাংক স্টেটমেন্ট ও ভাউচার মেলাতে গিয়ে এই বড় অসঙ্গতিটি শনাক্ত করেন। এ ঘটনায় প্রশাসনিক তদারকিতে ব্যর্থতার অভিযোগ উঠেছে বিদায়ী এই ইউএনও’র বিরুদ্ধেও।

ফেনী জেলা প্রশাসক মনিরা হক বলেন, মামলাটি সরাসরি দুদকে করা হলে যথাযথ হতো। তবে সে সময় ইউএনও আমাকে জানিয়েছিলেন, অভিযুক্তরা আত্মহত্যার হুমকি দিয়েছিলেন।

এ কারণে তাদের দ্রুত হাজতে পাঠানোর উদ্দেশ্যেই হয়তো থানায় মামলা করা হয়েছিল, ধারণা জেলা প্রশাসকের।

জেলা প্রশাসক আরও স্পষ্ট করে জানান, জামিন পেলেও অভিযুক্ত তিন কর্মচারী ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা পরিষদে তাদের কর্মস্থলে যোগ দিতে পারবেন না।

উপজেলা প্রশাসন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে ও আজ (১৩ জুলাই) এ বিষয়ে সিদ্ধান্ত দিয়ে বিভাগীয় প্রক্রিয়া শুরু হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা