প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
সদ্য ঘোষিত যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে অনিয়ম, ‘পদ বাণিজ্য’ এবং ত্যাগী নেতাদের বাদ দেওয়ার অভিযোগ তুলে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সাক্ষাৎ করেছেন পদবঞ্চিত নেতারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সদ্য ঘোষিত যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে অনিয়ম, ‘পদ বাণিজ্য’ এবং ত্যাগী নেতাদের বাদ দেওয়ার অভিযোগ তুলে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সাক্ষাৎ করেছেন পদবঞ্চিত নেতারা।
বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার সময় ধানমন্ডিতে এ্যানির বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পদবঞ্চিত নেতারা অভিযোগ করেন, ঘোষিত কমিটিতে দলের দুঃসময়ের পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয়, অপরিচিত ও বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে।
তারা জানান, সম্প্রতি যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় বিতর্কিতদের অন্তর্ভুক্তি নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে চরম বাকবিতণ্ডা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যার ফলে সভাটি পণ্ড হয়ে যায়।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, ওই সভায় অন্তত চারজন বিতর্কিত ব্যক্তির নাম উঠে আসে। তারা হলেন—আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় ও চাঁদাবাজ হিসেবে পরিচিত সহ-সভাপতি ফিরোজ আবদুল্লাহ এবং অনৈতিক সুপারিশে পদ পাওয়া যুগ্ম সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, সামসুজ্জোহা সুমন ও মনিরুল ইসলাম সোহাগ। পদবঞ্চিতরা অবিলম্বে এসব বিতর্কিত ও অযোগ্য ব্যক্তিদের নাম-পদবি সংবাদমাধ্যমে প্রকাশ এবং তদন্তের মাধ্যমে ত্যাগীদের কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
নেতৃবৃন্দের বক্তব্য শুনে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি তাদের আশ্বস্ত করে বলেন, বিএনপির হাইকমান্ড এ বিষয়ে অবগত আছেন এবং দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে।
সাক্ষাতকালে নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল ও জাকির হোসেন খান; যুবদলের সাবেক গ্রাম সরকার বিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার, সাবেক ছাত্রনেতা আবুল হাসান, মাহফুজুর রহমান, মিজানুর রহমান সোহাগ, মেজবাউল আলম, শাহীন আকন্দ, ইসমাইল হোসেন খান শাহীন, মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ আরিফ, আনোয়ার জাহিদ, মাসুদ সরকার, সুমন চৌধুরী, গোলাম আজম সৈকত, সবুর খান সাগর, মিরাজ আজিম, স্বপন মন্ডল, মাজেদুল ইসলাম মাসুম, রবিউল হাসান আরিফ, খন্দকার আমিনুল হক কাকন, নজরুল ইসলাম নাহিদ, ফরিদ খান, মহিবুল্লাহ জয়, খলিলুর রহমান জনি, শরিফ আল ফরহাদ দীপু, ফজলুল হক নিরব, রাকিবুল ইসলাম রোকন, জাহাঙ্গীর আলম, ইয়াকুব রাজু, শফিউল আজম, বিশ্বজিৎ ভদ্র, এম কামরুল হাসান, মাহমুদ খান, দুলাল মাতব্বর, খসরু আহমেদ হিরন, সেলিম রেজা, মাসুদ রানা, মানিক হোসেন, এমদাদুল হক পারভেজ, ইমদাদুল হক, জাহিদুল ইসলাম হিরন, নজরুল ইসলাম, মহিউদ্দিন বেগ সুজন, জসিম উদ্দিন সিদ্দিকী শোভন, কবির আহমেদ, আমির হোসেন বাদশা ও হাসান জাহিদ হিরনসহ আরও অনেকেই।