চাটমোহর (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
চাটমোহর বালুচর মাঠে বৃহস্পতিবার ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি দাবি করেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন ঘটেছে। এখন দেশের মানুষকে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিকে বেছে নিতে হবে।
পাবনার চাটমোহর উপজেলার বালুচর মাঠে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে দালালতন্ত্র, রাজনৈতিক প্রভাব এবং দুর্নীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি সেবা পেতে রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হতে হয়, যা একটি সুস্থ রাষ্ট্রব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
শিক্ষা খাতের সমালোচনা করে তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সরকারি হাসপাতালের অব্যবস্থাপনার জন্য রাজনৈতিক প্রভাবকে দায়ী করে তিনি অভিযোগ করেন, হাসপাতালের খাবারের টেন্ডারসহ বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
স্কুল, কলেজ ও মাদরাসার পরিচালনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, যোগ্য ব্যক্তিদের পরিবর্তে অযোগ্যদের দায়িত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সমাজে মাদক, চাঁদাবাজি, অবৈধ ব্যবসা এবং ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বিএনপির প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, কোনো দল ক্ষমতায় থাকলেই তাদের নেতা-কর্মীরা প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করতে পারেন না। তিনি জনগণকে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি থেকে দেশকে বের করে আনতে হবে।
এনসিপির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হলেও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এসব অভিযোগকে তিনি রাজনৈতিক অপপ্রচার বলে দাবি করেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে সারজিস আলম অভিযোগ করেন, তার শাসনামলে প্রশাসনের দলীয়করণ, গুম, গ্রেপ্তার ও দমন-পীড়নের বহু ঘটনা ঘটেছে। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রশাসনকে কোনো দলের নয়, বরং রাষ্ট্র ও জনগণের পক্ষে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, পাবনা জেলা এনসিপির নেতা বরকতুল্লাহ ফাহাদ, শহীদ জাহিদুল ইসলামের পিতা দুলাল উদ্দিন মাস্টারসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।