× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ফাইল ছবি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বর্তমান সরকারকে ঘিরে সম্ভাব্য ষড়যন্ত্র ও অপতৎপরতার বিষয়ে গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

একই সঙ্গে রথযাত্রা উৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থেকে নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।

ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দীর্ঘ আন্দোলন, আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই পরাজিত শক্তি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত হতে পারে। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে দলীয় চেয়ারম্যানের নির্দেশনায় নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থেকে পাহারাদারের মতো দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় প্রহরীর ভূমিকা পালন করছে। তাই কোনো উসকানি বা রাজনৈতিক অপব্যবহারের সুযোগ যাতে সৃষ্টি না হয়, সে লক্ষ্যে রথযাত্রা উৎসবেও বিএনপির নেতাকর্মীরা হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। অতীতের দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবেও একইভাবে দায়িত্ব পালন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রিজভীর ভাষ্য, দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষের মধ্যে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হয়েছে। সাম্প্রতিক নির্বাচন ও বিভিন্ন ধর্মীয় উৎসবে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রমাণ করেছে, কোনো অপশক্তিই আর জাতির এই ঐক্য ভাঙতে সক্ষম হবে না।

দেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী সামগ্রিক অগ্রগতির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাধারণ ও নিম্নআয়ের মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং পর্যায়ক্রমে হেলথ কার্ডের মতো কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি খাল পুনঃখননের মাধ্যমে জলাধার সংরক্ষণ, সেচব্যবস্থা সম্প্রসারণ এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় প্রায় ১৫০ উপজেলায় ৩০ লাখ শিক্ষার্থীকে টিফিন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

এ সময় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম এবং ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা