প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
উগ্রবাদী সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাজীপুর মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ শাহকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। পরে গভীর রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করা হয়।
বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, আতাউল্লাহ শাহের বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধান অনুযায়ী তাকে গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব পদসহ এনসিপির সব সাংগঠনিক দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়।
এর আগে গত ৫ জুলাই ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকার একটি বালুর মাঠ থেকে আতাউল্লাহ শাহসহ ছয় যুবককে আটক করে পুলিশ। পরে যাত্রাবাড়ী থানার পরিদর্শক এবি সিদ্দিক তাদের আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চান। শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া অন্য পাঁচজন হলেন- শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আবিদুর রহমান ও বায়োজিত।
পুলিশের আবেদনে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, সেখানে কয়েকজন ব্যক্তি উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রশিক্ষণের জন্য জড়ো হয়েছিলেন।