জুলাইবিরোধী অপতৎপরতা
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ছবি: অভিনেত্রীর ফেসবুক
জুলাইবিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়ার আহ্বান জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জিডিপি)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক নাঈম আহমেদ এ দাবি জানান।
নাঈম অভিযোগ করে বলেন, শাওন দেশে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া এবং প্রয়োজনীয় মানসিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে জুলাইবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়ে তার কাছ থেকে মুচলেকা নেওয়ারও আহ্বান জানান তিনি।
তিনি দাবি করেন, বর্তমান সরকারের আমলে মেহের আফরোজ শাওনের দেশে ফেরার পেছনে সরকারের অভ্যন্তরে বা একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তির সহযোগিতা থাকতে পারে।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড নিয়েও মন্তব্য করেন নাঈম আহমেদ। তিনি বলেন, জুলাইবিরোধী শক্তির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাজনৈতিকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করেন।
এ ছাড়া আওয়ামী লীগের সাবেক জোটসঙ্গী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দলসহ (জাসদ) ১৩টি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে জিডিপির প্রধান সংগঠক এহসান উল্লাহ এবং সদস্য সচিব আব্দুল আলিম উপস্থিত ছিলেন।