বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো। ফাইল ছবি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় নির্ধারণে জাতীয় সংসদে নজিরবিহীন বৈষম্য এবং বিরোধী দলের সদস্যদের নির্ধারিত সময় কেটে নেওয়ার অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী।
এ ঘটনার প্রতিবাদে সোমবার আয়োজিত এক ব্রিফিংয়ে দলের সংসদ সদস্য নাজিবুর রহমান ও জোটের প্রবীণ নেতারা সরকারের সমালোচনা করেন।
নাজিবুর রহমান বলেন, গত রবিবার সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের নির্ধারিত সময় থেকে ৫ মিনিট করে কমিয়ে দেওয়া হয়। সেদিন তাদের মাত্র তিনজন সদস্য বক্তব্য রাখার সুযোগ পান। বিপরীতে, স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্ধারিত ৪০ মিনিটের পরিবর্তে এক ঘণ্টারও বেশি সময় বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। রাত ১০টার পরও সরকারি দলের সদস্যদের বক্তব্যের সুযোগ দেওয়া হয়েছে— যা দুই পক্ষের পূর্ববর্তী সমঝোতার পরিপন্থি বলে তিনি দাবি করেন।
বিল উত্থাপনের প্রক্রিয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, কার্যপ্রণালি বিধির ৭৭ বিধি লঙ্ঘন করে বিল সংসদে আনা হচ্ছে। নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের বিল পর্যালোচনা ও আপত্তি জানানোর জন্য প্রয়োজনীয় সময় ও কাগজপত্র দেওয়া হলেও তা মানা হচ্ছে না।
স্পিকারের বিশেষ এখতিয়ারকে নিয়মে পরিণত করে প্রতিদিন নতুন বিল আনা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
পাশাপাশি পয়েন্ট অব অর্ডারে বিরোধী দলের সিনিয়র সদস্য শাহজাহান চৌধুরীকে বক্তব্য দিতে না দেওয়াকে ওয়াকআউটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।
জোটের এক প্রবীণ সংসদ সদস্য রবিবারের ঘটনাকে দেশের সংসদীয় ইতিহাসে ‘ন্যক্কারজনক’ বলে আখ্যা দেন।
তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় এক ঘণ্টা ২০ মিনিট বক্তব্য দিয়েছেন। এর প্রতিবাদেই ১১ দলীয় জোটের সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন।
তিনি বলেন, সংসদের ভেতরে ও বাইরে জনগণের অধিকার রক্ষায় প্রতিবাদ অব্যাহত থাকবে।