× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ: জামায়াত আমির

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ৫১ মিনিট আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ থেকে


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ থেকে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ থেকে

নতুন কিংবা পুরাতন বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ-প্রতিরোধ করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।

ঢাকার আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুক্রবার সকালে শূরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

মজলিসে শূরার অধিবেশনে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আরও উপস্থিত ছিলেন, সহকারী সেক্রেটারি জেনারেলবৃন্দ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যবৃন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদের (পুরুষ ও মহিলা) সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় মজলিসে শূরার (পুরুষ ও মহিলা) সদস্যবৃন্দ।

সংস্কার অপরিহার্য

ডা. শফিকুর রহমান বলেন, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও সংস্কারের জন্য সংস্কার পরিষদ গঠনের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হয়। জনগণ একই দিনে দুটি ভোট দিলেও একটি ভোটের মূল্যায়ন করা হলো।

বিরোধীদলীয় এই নেতা বলেন,  শাসনের যে ধারা অতীতে শাসকদের ফ্যাসিবাদী করে তুলেছিল জনগণ চেয়েছিল সেই ধারার পরিবর্তন হোক। এই পরিবর্তনের জন্য ব্যাপক সংস্কার অপরিহার্য।

দীর্ঘদিন জাতীয় ঐকমত্য কমিশনে গুরুত্বপূর্ণ ৩১টি রাজনৈতিক দল একত্রিত হয়ে মাসের পর মাস সংলাপের পর জুলাই সনদ তৈরি করে। কিন্তু গণভোটে প্রায় ৭০ ভাগ মানুষের রায়কে অগ্রাহ্য করেছে সরকারি দল, দাবি করেন তিনি।

‘মৌলিক বিষয়কে অগ্রাহ্য করেছে সরকার’

ডা. শফিকুর রহমান দাবি করেন, সরকার এর মধ্যেই সকল মৌলিক বিষয়কে অগ্রাহ্য করেছে। তারা স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, স্বাধীন মানবাধিকার কমিশন, স্বাধীন গুম কমিশন ও স্বাধীন নির্বাচন কমিশন চাচ্ছেন না।

ফলে যে জায়গাগুলোর কারণে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, সেসব আগের জায়গায় থেকে গেল বলেও আফসোস করেন বিরোধীদলীয় নেতা। 

জনগণ আজ শুধু হতাশ নয়, ক্ষুব্ধও দাবি করেন তিনি।

তিনি প্রশ্ন তোলেন, জনগণের ভোট কেন মূল্যায়ন করা হলো না।

নির্বাচনের আগে বর্তমান সরকারি ও বিরোধী দল বলেছে আমরা গণভোট মানি আপনারা গণভোটে হ্যাঁ বলুন উল্লেখ করে ডা. শফিকুর রহমান আরও প্রশ্ন তোলেন, যারা (জনগণ) এ আহ্বানে সাড়া দিয়েছেন, তাদের প্রায় ৭০ ভাগ ভোট অগ্রাহ্য হবে কেন। 

দেশবাসীর উদ্দেশে জামায়াত আমির বলেন,  আপনারা অনেক ত্যাগ ও কোরবানি স্বীকার করেছেন। হয়ত আরও ত্যাগ কোরবানির জন্য আমাদের প্রস্তুত হতে হবে। 

কেউ যদি আমাদের ন্যায্য অধিকার না দেয়, আমরা চুপ করে বসে থাকব না। সেই অধিকার আদায়ে আমাদের লড়াই চলবে, বলেন তিনি।

বিজিবির পাশে আছে গোটা দেশবাসী 

সীমান্তের সমস্যা নিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, আমাদের দেশবাসী ঐক্যবদ্ধ, বিজিবির পাশে আমাদের গোটা দেশবাসী আছেন। আমরা সকল ধরনের আধিপত্যবাদকে রুখে দিতে পারব, প্রয়োজন শুধু  জাতীয় ঐক্যের।

তিনি বলেন, আমাদের প্রিয় বাংলাদেশ আয়তনে একটি ছোট্ট ভূখণ্ড।  বর্তমানে আমাদের দেশে প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের বসবাস। আমরা আমাদের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ দুইবার স্বাধীন হয়েছে। ১৯৪৭ সালে একবার ১৯৭১ সালে আরেকবার। বিপুল প্রত্যাশা নিয়ে এ স্বাধীনতা অর্জিত হয়েছিল।  কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি। 

দেশ পরিচালনার দায়িত্বে যারা ছিল তাদের ব্যর্থতার কারণে আজও কোনো সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি বলেও দাবি করেন তিনি। 

‘ক্ষমতায় ভারসাম্য আনতে হবে’

বহু ত্যাগ তিতিক্ষা ও চব্বিশের গণঅভ্যুত্থানের পর মানুষ আশাবাদী হয়েছিল, উল্লেখ করে শফিকুর রহমান আশাবাদ ব্যক্ত করেন, অনেক জীবনের বিনিময়ে আমরা একটি পরিবর্তন পেয়েছি। বাংলাদেশ আগামীতে সঠিক পথে পরিচালিত হবে। 

বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের দেয়া রায় সরকারি দল অগ্রাহ্য করলেও আমরা বিরোধী দল অগ্রাহ্য করব না। এজন্য বিষয়টি নিয়ে জনগণের কাছে এসেছি। 

তিনি বলেন, এরই মধ্যে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করা হয়েছে। এ দাবি কোনো দলের জন্য নয়, জনগণের জন্য। 

এ রায় দিয়েছে জনগণ, জনগণের স্বার্থেই এ রায় বাস্তবায়ন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, মৌলিক সংস্কারের মাধ্যমে ক্ষমতায় ভারসাম্য আনতে হবে যাতে কেউ  দুর্দান্ত ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে।

তিনি দাবি করেন, জনগণের সম্পদ, ইজ্জত নিয়ে যাতে কেউ খেলতে না পারে তার ওয়ারেন্টির জন্যই এ পরিবর্তন বা সংস্কার অপরিহার্য। 

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, নিজের অধিকার আদায়ে অনড় থাকুন। আমরা আপনাদের সঙ্গে আছি। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ। 

তিনি  বলেন, সমাজ ভালো নেই।পাঁচ-সাত বছরের কন্যা শিশুদের ধর্ষণ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। গতকালও মা-মেয়েসহ চারজনকে খুন করা হয়েছে।

তিন দাবি করেন, গাইবান্ধার সাঘাটায় ২১ জুন ইসলামী ছাত্রশিবিরের সাইফুল্লাহ বারীকে আপসের কথা বলে ডেকে নিয়ে খুন করা হয়েছে।

তার সঙ্গী সালাউদ্দিনকে কুপিয়ে স্পাইনাল কড কেটে দেয়া হয়েছে। সে আর স্বাভাবিক জীবনে ফিরে আসবে না বলেও দাবি তার।

তিনি আক্ষেপ করে বলেন, মানুষ অল্প স্বার্থের জন্য কতটা নির্মম ও বেপরোয়া হতে পারে, এটি তার সর্বশেষ উদাহরণ। 

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা

স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে শফিকুর রহমান বলেন, আমাদের দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, তাদের অধীনে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আছেন। তারপরও অহরহ এগুলো ঘটে যাচ্ছে। 

সাড়ে ১৫ বছরের কষ্ট ও এতোগুলো জীবন ত্যাগের পরে একটি সরকার গঠিত হয়েছে। এই সরকারের কাছে মানুষ ভিন্ন কিছু আশা করে বলেও উল্লেখ করেন তিনি। 

দেশবাসীর উদ্দেশে শপথ করে তিনি  বলেন,  জাতির স্বার্থে সংসদের ভেতরে আমাদের ভূমিকা পরিচালিত হবে। সরকার ভালো উদ্যোগ নিলে সহযোগিতা করব, গণবিরোধী কিছু করলে তার প্রতিবাদ করব, সামর্থ থাকলে আমরা প্রতিহত করব।

আমাদের এই প্রয়াস সংসদের ভিতরে ও বাইরে সমানতালে চলবে, বলেন তিনি। 

বিরোধীদলীয় নেতা বলেন, আমরা একটি মানবিক সমাজ চাই। মানুষের বসবাসযোগ্য একটি বাংলাদেশ চাই। আমার শিশুর নিরাপত্তা চাই, সন্তানের নিরাপত্তা চাই, মা-বোন-মেয়ের ইজ্জতের নিরাপত্তা চাই।

কোনো আধিপত্যবাদের কাছে মাথানত করতে চাই না। মাথা সোজা করা জাতি হিসেবে আমরা দাঁড়াতে চাই। এজন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে বলেও উল্লেক করেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা