বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
জুলাই বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশের প্রথম সরকারের এই বাজেটে ‘জুলাই আকাঙ্ক্ষার’ কোনো প্রতিফলন ঘটেনি; বরং পুরোনো ধনীবান্ধব ব্যবস্থার গতানুগতিক চিত্রই ফুটে উঠেছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটকে ‘জনবিরোধী ও লুটপাটের’ বলে আখ্যা দেন তিনি।
রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বৃহস্পতিবার বিকালে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, “সরকার জনগণের ওপর করের বোঝা চাপিয়ে দিয়ে দলীয় কর্মী পালনের বাজেট উপস্থাপন করেছে। বাজেটের ৭০ শতাংশই পরিচালন ব্যয়।”
তিনি এই বাজেট সংশোধন করে জামায়াতের দেওয়া প্রস্তাবিত বাজেট অনুসরণের আহ্বান জানান, যা বর্তমান বাজেট থেকে এক লাখ কোটি টাকা কম এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত বলে দাবি করেন।
বাজেটের নেতিবাচক দিক তুলে ধরে হামিদুর রহমান আযাদ বলেন, “৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে খুচরা বিক্রেতাদের ওপর আগাম কর, কাস্টমস ডিউটি ও পরোক্ষ কর বৃদ্ধির পরিকল্পনা সাধারণ ও মধ্যবিত্তের জীবনযাত্রার খরচ বাড়িয়ে দেবে।”
তিনি আরও বলেন, “এ ছাড়া ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি মেটাতে ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার যে লক্ষ্য ধরা হয়েছে, তার ফলে ‘ক্রাউডিং-আউট ইফেক্ট’ তৈরি হবে। এতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে গিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থানে স্থবিরতা আসবে।”
ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। বক্তব্য দেন মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও মুহাম্মদ শামছুর রহমান।
সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর প্রদক্ষিণ করে শেষ হয়।