× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজেট ঘাটতি মোকাবিলায় দুর্নীতির লাগাম টানা জরুরি: বাংলাদেশ ন্যাপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। ফাইল ছবি

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। ফাইল ছবি

প্রস্তাবিত বাজেটের প্রায় আড়াই লাখ কোটি টাকার বিশাল ঘাটতি মোকাবিলায় দুর্নীতির লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। দলটি মনে করে, সরকারি অর্থের অপচয় রোধ ও সুশাসন নিশ্চিত করতে বড় বাজেট বাস্তবায়নে কঠোর তদারকি ও জবাবদিহিতা অত্যন্ত জরুরি।

জাতীয় সংসদে বৃহস্পতিবার সরকারের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া এসব কথা বলেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “বড় বাজেট দিয়ে আবার যদি কোনো কারণে ২০-৩০ শতাংশ লোপাট হয়ে যায়, তাহলে তো কোনো লাভ হয় না। বাজেট যে যে কাজে ব্যবহার করা হবে, সততার সঙ্গে প্রয়োজন যতটুকু, ততটুকু যেন স্ব স্ব বিভাগ ব্যবহার করে, এটাই দেশবাসীর প্রত্যাশা” 

ন্যাপ নেতারা বাজেটের কিছু ইতিবাচক দিক তুলে ধরে বলেন, সাধারণ মানুষের দৈনন্দিন খরচ কমাতে চাল-ডালসহ ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর উৎস কর হ্রাস এবং করমুক্ত আয়ের সীমা বাড়ানোর ঘোষণা জনমনে স্বস্তি দেবে। এছাড়া কিডনি রোগীদের ডায়ালাইসিস ফিল্টার, হার্টের রিং, চোখের লেন্স এবং ক্যানসার প্রতিরোধী ওষুধসহ ৭৭টি মৌলিক কাঁচামাল আমদানিতে শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাবকে তারা স্বাগত জানান।

একই সঙ্গে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ নাগরিক এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রেল ভাড়ায় বিশেষ ছাড় চালু করার ঘোষণা, দেশের নারী ও শিশু উন্নয়ন খাতকে গতিশীল করতে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ উৎসাহিত করা এবং উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে উৎসে কর কর্তনের হার কমানোর প্রস্তাব, কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বরাদ্দের প্রস্তাবকেও তারা স্বাগত জানান বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তারা বলেন, “প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য। তবে, বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সুশাসন ও যথাযথ তদারকি খুবই গুরুত্বপূর্ণ। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহি ও তদারকির মান ক্রমাগতভাবে উন্নয়নের জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা ও পরিকল্পনা নিশ্চিত করা একান্ত জরুরি। এ ছাড়া বাজেট বাস্তবায়নের লক্ষ্যে সরকারি এবং বেসরকারি খাতের অংশীদারত্ব আরও জোরদার করতে হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা