২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সামনে রেখে ‘ছায়াবাজেট’ দিতে যাচ্ছে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। ছবি: বাসস
২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সামনে রেখে ‘ছায়াবাজেট’ দিতে যাচ্ছে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই ছায়াবাজেট উপস্থাপন করা হবে বলে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, সংবাদ সম্মেলনে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ছায়াবাজেট উপস্থাপন করবেন। এ সময় দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
গত ৫ জুন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পৃথকভাবে একটি ছায়াবাজেট উপস্থাপন করেছে। ওই প্রস্তাবে দেশের অর্থনীতিকে ১২টি খাতে ভাগ করে মোট ৭১টি সুপারিশ তুলে ধরা হয়।
বিরোধীদলীয় নেতার সঙ্গে আইসিএপিপি মহাসচিবের সাক্ষাৎ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে গতকাল সোমবার সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) মহাসচিব ওহ সং। আইসিএপিপির সচিবালয় কর্মকর্তা পার্ক বিয়ংচান ও বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এ সময় উপস্থিত ছিলেন।
ওহ সং জামায়াত আমিরের কাছে আইসিএপিপির কার্যক্রম তুলে ধরে পরবর্তী স্ট্যান্ডিং কমিটির সভায় অংশ নিতে বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণ জানান। পাশাপাশি আইসিএপিপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসেবে জামায়াতে ইসলামীকে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা করেন। স্ট্যান্ডিং কমিটির পরবর্তী বৈঠক মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত হবে।
এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক
আইসিএপিপি মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এনসিপি নেতাদের সঙ্গেও বৈঠক করেছে। গতকাল সোমবার বিকালে এনসিপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলের আন্তর্জাতিক বিষয়ক ইনচার্জ ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন এবং ফারিদুল হক এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে রাজনৈতিক সংলাপ জোরদার করা, গণতান্ত্রিক শাসনব্যবস্থার উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।