× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগ সতর্ক থাকায় বিশৃঙ্খলা করতে পারেনি বিএনপি : তথ্যমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২ ১৬:৪৬ পিএম

শনিবার চট্টগ্রামের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। ছবি: প্রবা

শনিবার চট্টগ্রামের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। ছবি: প্রবা

গণমিছিলের নামে শুক্রবার (৩০ ডিসেম্বর) বিএনপি-জামায়াত রাজধানীতে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি চেষ্টা করেছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তবে আওয়ামী লীগের সতর্ক অবস্থানের কারণে সেটি সম্ভব হয়নি বলে দাবি করেছেন তিনি।

তথ্যমন্ত্রী বলেছেন, ‘পুরো ঢাকা শহরজুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক অবস্থানের কারণে তা সম্ভব হয়নি। এরপরও বিএনপির প্রধান সহযোগী জামায়াতে ইসলামী পুলিশের ওপর হামলা চালিয়েছে। পুলিশ বাহিনীর ধৈর্যের কারণে তারা সেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনি।’

শনিবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুরপাড়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

ঢাকায় গণমিছিল কর্মসূচি থেকে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলার ঘটনা কেন হলো সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘আসলে ১০ ডিসেম্বর বিএনপি বুঝতে পেরেছে তাদের সাথে জনগণ নাই। ১০ লাখ মানুষের সমাবেশ করবে বলে তারা সেখানে বড়জোড় ৫০-৬০ হাজার মানুষ জমায়েত করতে পেরেছে। এরপর থেকেই বিএনপি আসলে হতাশ। তাদের রাজনীতি পুরোটাই ষড়যন্ত্রের ওপর নির্ভরশীল। সেই কারণেই তারা একটি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।’

তিনি বলেন, ‘বিএনপি বিদেশি0দের পদলেহন করার নীতি অবলম্বন করেছে। সেটি করেও কোনো লাভ হয়নি। তারা যেভাবে মনে করেছিল বিভিন্ন রাষ্ট্র বা দূতাবাসের কর্মকর্তারা তাদের পক্ষে নানা ধরনের কথা বলবেন, সেটি আপনারাও দেখতে পারছেন, সেটি হয় নাই। তাদের রাজনীতিটা একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ, দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে

ঘোলা পানিতে মাছ শিকার করা। দেশের জনগণ সেটি কোনোভাবেই হতে দিবে না। বিশৃঙ্খলা তৈরি করার উদ্দেশেই তারা নানাধরনের কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচিতে তাদের কর্মীদের জমায়েত যেভাবে আশা করেছিল সেভাবে হয়নি।’

বিএনপি এখন আবার ২০১২-১৩ সালের রাজনীতির দিকে যাচ্ছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘তাদের রাজনীতি সেই একই জায়গায় আছে। গত ১০ ডিসেম্বরও তারা গাড়িতে আগুন দিয়েছে। এখনও সুযোগ পেলে একই কাজ করবে। তারা সেখান থেকে সরে আসতে পারেনি। তাদের উদ্দেশ্যই হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করা।’

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন পদ্মাসেতু উদ্বোধনের পর সারা দেশ কীভাবে উল্লসিত ছিল। সবাই পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। যুক্তরাষ্ট্র, ভারতসহ এমনকি পাকিস্তানও অভিনন্দন জানিয়েছে, কিন্তু বিএনপি সেই অনুষ্ঠানে যোগদান করেনি। মেট্টোরেল উদ্বোধনের পর ঢাকা শহরের মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, সেই মেট্টোরেল নিয়েও বিএনপি ধূম্রজাল সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল। মানুষের উচ্ছ্বাসে তাদের সেই অপচেষ্টা ভেসে গেছে। সেই কারণে বড় উন্নয়ন কর্মকাণ্ডগুলো নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে। সবশেষে সব ছাপিয়ে মেট্টারেল, পদ্মাসেতু, কর্ণফুলি টানেল, পায়রা বন্দর, চট্টগ্রামে বে-টার্মিনাল, কক্সবাজারসহ সারাদেশজুড়ে যে উন্নয়ন কর্মকাণ্ড এতে বাংলাদেশের মানুষ উচ্ছ্বসিত।

আওয়ামী লীগের নতুন কমিটিতে আবারও এক নাম্বার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন, আগামী এক বছর বিএনপিকে প্রতিরোধের কোনো পরিকল্পনা আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে ড. হাছান মাহমুদ বলেন, ‘কোন নম্বর সেটা কোনো বিষয় নয়। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে যখনই যে দায়িত্ব দিয়েছেন তখনই সে দায়িত্ব আমি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছি। আমি ১০ বছর দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাত বছর প্রচার ও প্রকাশনা সম্পাদক, গত তিন বছর যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম। এসব দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। আবারও আমাকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন আমার নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা। আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে অনেক কিছু দিয়েছে, এখন আমার দায়িত্ব হচ্ছে নিজেকে উজাড় করে দলের জন্য কাজ করা। প্রয়োজনে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হলেও দাঁড়ানো এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা।’

তথ্যমন্ত্রী বলেন, ‘২০১৩, ১৪ ও ১৫ সালে বিএনপির নাশকতা মোকাবিলা করেছি। বিএনপি কী করতে চায়, কতটুকু করতে পারে আমরা জানি। সেটাকে মোকাবিলা করার জন্য জনগণকে সঙ্গে নিয়ে কী করতে হবে সেটাও আমরা জানি। সুতরাং বিএনপি ওই ২০১৩, ১৪ ও ১৫ সালের পরিস্থিতি আর কখনও সৃষ্টি করতে পারবে না।’

চিত্রনায়িকা মাহিয়া মাহির উপনির্বাচনের মনোনয়ন চাওয়া নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের নীতি মতাদর্শে বিশ্বাস করে এমন যে কেউ নমিনেশন চাইতে পারে। সেক্ষেত্রে কোনো চিত্রনায়ক-নায়িকা চাইলে সেটি অপরাধ নয়। পাশের বাড়ি পশ্চিম বাংলাসহ ভারতবর্ষে মিডিয়া জগতের অনেককেই নমিনেশন দেওয়া হয়। অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের নমিনেশন পাওয়ার ক্ষেত্রে সবসময় যারা আওয়ামী লীগের পোড় খাওয়া নেতাকর্মী তাদেরই অগ্রাধিকার। পাশাপাশি দলকে আরও অনেক বিষয় বিবেচনায় আনতে হয়।’

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাংবাদিককে অস্ত্র ঠেকিয়ে মারধরের ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, ‘এধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি দেখছে। এই ঘটনায় পুলিশ ইতোমধ্যে চার

আসামিকে গ্রেপ্তার করেছে। সাংবাদিককে যারা মারধর করেছে এবং এই ঘটনায় করা মামলায় আসামিদের গ্রেপ্তার করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা