প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২ ১৫:২৬ পিএম
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা। ছবি: প্রবা
মেট্রোরেলের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আগেই উদ্বোধন নিয়ে জনগণের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির দপ্তরে দায়িত্বপ্রাপ্ত ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেছেন, ‘বন্দুকের মুখে জিম্মি
করে ১৪ বছর ধরে জোর করে ক্ষমতায় থাকা বিনা ভোটের সরকার বুঝতে পেরেছে তাদের বিদায়
ঘণ্টা বেজে গেছে। মামলা, হামলা ও গ্রেপ্তার করে কণ্ঠরোধের মাধ্যমে ক্ষমতায় থাকার
দিন ফুরিয়ে এসেছে।’
শনিবার (৩১ ডিসেম্বর)
দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা
বলেন।
প্রিন্স বলেন, ‘মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের নির্মাণ কাজ আগামী বছর শেষ হওয়ার কথা থাকলেও শেখ হাসিনা সেই পর্যন্ত ক্ষমতায় থাকার ভরসা পাচ্ছেন না। এ কারণে উন্নয়ন দেখাতে কাজ অসমাপ্ত রেখেই ডাকঢোল পিটিয়ে জনগণের কোটি কোটি টাকা অপচয় করে তাড়াহুড়ো করে মেট্রো রেলের একাংশ উদ্বোধন করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের চেয়ারপারসন
খালেদা জিয়ার শাসনামলে দেশ ইমার্জিং টাইগারে রূপান্তরিত হয়েছিল। সেই দেশকে বিগত ১৪
বছরে লুটপাট করে দুর্ভিক্ষের রাজ্যে পরিণত করেছে লুটেরা সরকার। আওয়ামী লীগ
সরকারের উন্নয়ন মানে দুর্নীতির মহোৎসব।’
বিএনপির এই সাংগঠনিক
সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ সরকারের
উন্নয়ন দুর্নীতির মহোৎসব। মেগা প্রকল্প মানে দফায় দফায় ব্যয় বাড়িয়ে দুই হাতে
লুটপাট করে অর্থনীতিকে পথে বসিয়ে দেওয়া।’
তিনি বলেন, ‘সরকার জনগণের জন্য উন্নয়ন করছে না। তথাকথিত উন্নয়নের নামে নিজেদের
পকেট ভরছে আর হাজার হাজার কোটি টাকা পাচার করছে, সেখানে সাধারণ জনগণের কোনো উন্নয়ন
নেই।’
এমরান সালেহ প্রিন্স
অভিযোগ করেন, শুক্রবার অনুষ্ঠিত নয়াপল্টনের গণমিছিলে আসার পথে এবং মিছিল থেকে
ফেরার পথে ঢাকা মহানগর উত্তর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার
করেছে পুলিশ। এই গণমিছিলকে কেন্দ্র করে গত এক সপ্তাহে ঢাকা মহানগর উত্তর বিএনপির
২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে বিএনপির
সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু,
স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি
মোস্তাফিজুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।