প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২ ২০:৩৭ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২ ২০:৫২ পিএম
জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘কালো দিবস’ উপলক্ষে সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট। ছবি : প্রবা
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, ভোটাধিকারসহ সব গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও জনজীবনের সংকট সমাধানের দাবিতে আগামী ৯ জানুয়ারি সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে বাম গণতান্ত্রিক জোট।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘কালো দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন বাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ ‘ভোট ডাকাতি’র মাধ্যমে ক্ষমতায় এসেছে—এ অভিযোগে দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালন করে বাম গণতান্ত্রিক জোট।
সমাবেশে জোট নেতারা সংসদ ভেঙে দিয়ে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তদারকি সরকারের বিষয়ে আলোচনা শুরুর দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ-মার্ক্সবাদীর মাসুদ রানা, বিপ্লবী কমিউনিস্ট লীগের হারুন অর রশীদ, সমাজতান্ত্রিক আন্দোলনের আব্দুল আলী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন।
নেতারা বলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছে ও অতীতে যারা ক্ষমতায় ছিল, তারা নানা কারসাজির মাধ্যমে ন্যূনতম ভোটের অধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্র হরণ, ভয়ের রাজত্ব কায়েম করেছে। লুটপাট আর বৈষম্যের দেশ বানিয়েছে। এরা মুখে সংবিধানের কথা বললেও সংবিধানে যে অর্থনৈতিক রূপরেখা ও শ্রমিকের মজুরিসহ জনগণের স্বার্থের কথা লেখা আছে তা মানেনি। এখন এসব দল আবার কথার ফুলঝুরি ছড়াচ্ছে।
এই সংকট উত্তরণে দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করতে বাম গণতান্ত্রিক প্রগতিশীল দল, সংগঠন ও ব্যক্তিবর্গের বিকল্প শক্তির সমাবেশ গড়ে তোলার আহ্বান জানান নেতারা।
তারা বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠাসহ জনজীবনের সমস্যা সমাধানে গত অক্টোবরে বাম গণতান্ত্রিক জোট ঘোষিত আশু ১০ দফা কর্মসূচিতে নীতিনিষ্ঠভাবে সংগ্রাম পরিচালনা করে যাবে বাম জোট।
সমাবেশ শেষে কালো পতাকা হাতে বাম জোটের একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।