প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২ ২১:২৪ পিএম
মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপি নেতা ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি: প্রবা
শান্তিপূর্ণভাবে আগামী ৩০ ডিসেম্বরের গণমিছিল আয়োজন করতে চায় বিএনপি। এজন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহায়তা চেয়েছে দলটি। একই সঙ্গে গণমিছিল করার বিষয়ে অবহিত করে ডিএমপি কমিশনারকে একটি চিঠিও দিয়েছে বিএনপি।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের বৈঠকের পর এসব কথা জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘আমরা ডিএমপি কমিশনারকে বলেছি যে, ৩০ ডিসেম্বর কোনো সভা-সমাবেশ নয়, এটা হবে গণমিছিল। আমরা শান্তিপূর্ণভাবে এই গণমিছিল শুরু ও শেষ করতে চাই। এই বিষয়ে ডিএমপির সহযোগিতা চেয়েছি।’
গণমিছিল কোথায় থেকে শুরু এবং কোথায় শেষ হবে সেটি বিস্তারিত জানাননি বিএনপি নেতা ডা. জাহিদ।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, গণমিছিল শুরু হবে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। এরপর কাকরাইল মোড়, শান্তিনগর-মালিবাগ-মৌচাক-মগবাজার হয়ে বাংলামোটর গিয়ে শেষ হবে। ওইদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গণমিছিল হবে।