প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২ ২০:৩৪ পিএম
মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যৌথসভায় আওয়ামী লীগের নেতারা। ছবি: প্রবা
বিএনপির ৩০ ডিসেম্বরের গণমিছিল নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার জন্য এতদিন বিএনপিকে অনেক ছাড় দেওয়া হয়েছে। তবে ৩০ তারিখ গণমিছিলের নামে কোনো সহিংসতার চেষ্টা করা হলে বিএনপিকে ছাড় দেওয়া হবে না।’
এদিন সারা দেশে ১০ ডিসেম্বরের মতো আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার নির্দেশও দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিরোধীদল বিএনপিসহ তাদের জোট, তারা ১০ তারিখে সরকার পতনের জন্য হুমকি দিয়েছিল এবং সেই কর্মসূচি শেষ পর্যন্ত ভণ্ডুল হয়ে গেছে। গোটা নগরী বলতে গেলে মিছিল-সমাবেশ আওয়ামী লীগের দখলে ছিল এবং সহযোগী সংগঠন সমন্বিতভাবে সেদিন সতর্ক পাহারায় ছিল। শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশে আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো যৌথভাবে অপশক্তিকে রুখে দিয়েছে। বিএনপি নেতৃত্বাধীন অপশক্তি সাম্প্রদায়িক, জঙ্গিবাদী অপশক্তি।’
তিনি বলেন, ‘এই অপশক্তি এখন আবার গণমিছিলের নামে ৩০ তারিখ সারা দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে ষড়যন্ত্রমূলক প্রস্তুতি নিয়েছে। আগুন সন্ত্রাস, ভাঙচুর এইসব কর্মসূচি নেগেটিভ কর্মসূচি, ভায়োলেন্ট কর্মসূচি। সহিংসতা উপাদান তারা তাদের কর্মসূচির সঙ্গে যুক্ত করেছে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শুক্রবার জুম্মার নামাজের পর সারা বাংলাদেশ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার এবং সরকারবিরোধী গণমিছিলের নামে একটা ষড়যন্ত্রমূলক কার্মকাণ্ডে তারা লিপ্ত হবে। সেজন্য আমাদের নেতাকর্মীরাও ঢাকা সিটিসহ সারা বাংলাদেশে ১০ ডিসেম্বর এর মতো সতর্ক পাহারায় থাকবে।’
আওয়ামী লীগ সহিংসতা চায় না উল্লেখ করে তিনি বলেন, 'আমরা কাউকে আক্রমণ করবো না। আমরা সংঘাত চাই না। তবে আমরা আক্রান্ত হলে পাল্টা আক্রমণ করব কিনা উদ্ভূত পরিস্থিতির উপর নির্ভর করবে। আমরা এভাবেই চিন্তাভাবনা করছি এবং আমরা কোনো অবস্থাতেই ছেড়ে দেবনা।'
কাদের বলেন, ‘অনেক ছাড় দিয়েছি। নেত্রী শেখ হাসিনার উদারতার জন্য অনেক ছাড় দিয়েছি। কিন্তু বেশি বাড়াবাড়ি করলে লাফালাফি করলে অবশ্যই ছেড়ে দেওয়া হবে না।’
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদক, ভাতৃপ্রতীম ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।