× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ইভিএমে ত্রুটি, তবু ভোট দিয়ে তবেই বাড়ি ফিরব’

রংপুর ব্যুরো

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২ ১৭:৫২ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২ ১৮:০৬ পিএম

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে কেরামতিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার অপেক্ষায় নারীরা। ছবি : প্রবা

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে কেরামতিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার অপেক্ষায় নারীরা। ছবি : প্রবা

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ত্রুটির কারণে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেকে ভোট দিতে পারেননি। অনেকে অসুস্থ হয়েছেন দাঁড়িয়ে থাকতে থাকতে। অনেকে ফিরে গেছেন। তবে ভোট না দিয়ে বাড়ি ফিরবেন না বলে দৃঢ়তা দেখিয়েছেন অনেকে। রিনা বেগম তাদেরই একজন। কেরামতিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার তিনি।

রিনা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কষ্ট হলেও ইভিএমে ভোট দেব, তাই আনন্দ লাগছে। ভোট দিয়ে তবেই বাড়ি ফিরব।’

কেরামতিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার রাজিফা সুলতানা, মমতাজ বেগম বিউটিসহ অন্য অনেকেই বিরক্ত হয়ে বলেন, তারা বেলা পৌনে ১টায় কেন্দ্রে এসেছেন। বিকাল ৫টা পর্যন্ত ভোট দিতে পারেননি। ভোটারদের হাতের ছাপ মেলে না, ভোট দিতে ধীর গতি, বারবার মেশিন নষ্ট হচ্ছে। এত সমস্যা নিয়ে তো ভোট দেওয়া যায় না। অনেকে বিরক্ত হয়ে ভোট না দিয়ে বাড়ি ফিরে গেছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় রংপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল সাড়ে ৪টায় শেষ হওয়ার কথা থাকলেও ভোট নেওয়া বন্ধ করা হয়নি।

কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার রাকিবুল হাসান বলেন, ‘এ কেন্দ্রে ৭০ ভাগের মতো ভোট কাস্ট হয়েছে। এখনও শতাধিক নারী ভোটার কেন্দ্রে ভোট দেওয়ার জন্য রয়েছেন। তাদের সবার ভোট নেওয়া হবে।’

ইভিএমে ত্রুটির অভিযোগ করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। বিকাল সাড়ে ৩টায় তিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব জাহাঙ্গীর আলমের সঙ্গে দেখা করে এই অভিযোগ দেন।

মোস্তফা বলেন, তিনি গণেশপুর মাদ্রাসা, নগর মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়, তাজহাট উচ্চ বিদ্যালয়, জাহেদা খাতুন উচ্চ বিদ্যালয়, জাফরগঞ্জ উচ্চ বিদ্যালয়, আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়, মডেল কলেজ, নালন্দা স্কুল, বরার্টসনগঞ্জ উচ্চ বিদ্যালয়, কিশামত মাঞ্জাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈরাগীহাট উচ্চ বিদ্যালয়, দেওয়ানটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছেন।

তিনি বলেন, এসব কেন্দ্রে ইভিএমে কারিগরি ত্রুটি ও আঙুলে ছাপ না মেলায় প্রার্থীরা বিরক্ত হন।

নির্বাচন কমিশন কর্মকর্তার সঙ্গে দেখা করার পর মোস্তফা সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রত্যেকটি কেন্দ্রে গিয়ে ইভিএম মেশিনে ত্রুটি দেখেছি। মেশিন চালু হচ্ছে না, ফিঙার প্রিন্ট আসছে না, নেট স্লো—এমন সমস্যা পেয়েছি। এ কারণে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে কেন্দ্রগুলোতে। দেখা যাচ্ছে, কেন্দ্রে আটটি বুথ আছে—সেখানে দুটি বুথে সমস্যা। আমি নিজেই ভোট দিতে সমস্যায় পড়েছিলাম। অনেক ভোটার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরক্ত হয়ে ভোটকেন্দ্র থেকে চলে গেছে। তারা তো দ্বিতীয়বার কেন্দ্রে ভোট দিতে আসবে না। যেভাবে ভোটাররা কেন্দ্রে ভোট দিতে আসছিল, এতে করে বিকাল ৩টা পর্যন্ত শতকরা ৭৫ থেকে ৮০ ভাগ ভোট কাস্ট হয়ে যাওয়ার কথা। আমরা ভোটারদের কাছে গিয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান করেছিলাম। ভোটাররা বিরক্ত হয়ে ইভিএমে ভোট দিতে অনীহা প্রকাশ করেছে। আমাদের দুভার্গ্য ভোটারদের কেন্দ্রে নিয়ে আসলাম, কিন্তু ভোট দেওয়াতে পারলাম না।’

তবে কেন্দ্রের ভেতরে থাকা ভোটারদের জন্য প্রয়োজনে রাত ১০টা পর্যন্ত ভোট নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন উপ-সচিব জাহাঙ্গীর আলম।

জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতারা মোস্তফার সঙ্গে ছিলেন।

২০৫ দশমিক ৭ বর্গকিলোমিটার এলাকার ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি করপোরেশন গঠিত। ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৭০। এবার নির্বাচনে মেয়র পদে ৯ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৮ ও কাউন্সিলর পদে ১৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২২৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের জন্য ৪ হাজার ২৭৬ জন নির্বাচনী কর্মকর্তা নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা