প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২ ১৫:৪৪ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২ ১৫:৪৭ পিএম
গত ১০ ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ২৪ ও ৩০ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি দেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। ছবি: প্রবা
রাজধানীতে ৩০ ডিসেম্বরের গণমিছিলের যে কর্মসূচি রয়েছে সেটি জানাতে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে যাচ্ছে বিএনপি। দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সন্ধ্যা ৬টায় সাক্ষাৎ করার কথা রয়েছে।
এ বিষয়ে এজেডএম জাহিদ বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর আমাদের পূর্বঘোষিত কর্মসূচি গণমিছিল রয়েছে। এদিন রাজধানীর বেশ কয়েকটি সড়কে আমরা গণমিছিল করব। সেই ব্যাপারে
আলোচনা করতে ডিএমপি কার্যালয়ে যাব।’
এজেডএম জাহিদ হোসেন ৩০ ডিসেম্বর গণমিছিল কর্মসূচি বাস্তবায়ন কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে এই গণমিছিল হবে। গত ২৪ ডিসেম্বর ঢাকা ও রংপুর বাদে সারা দেশের সব মহানগর ও জেলায় গণমিছিলের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
তবে একই দিন ঢাকায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল থাকায় রাজধানীতে এই কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়। রংপুরে সিটি করপোরেশন নির্বাচন থাকায় সেখানকার কর্মসূচিও পিছিয়ে দেওয়া হয়।
গত ১০ ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিত বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে গণমিছিলের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
একই কর্মসূচির অনুরূপ কর্মসূচি পালন করার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী, কর্নেল (অব.) অলির নেতৃত্বাধীন দল এলডিপি, গণতন্ত্র মঞ্চসহ আরও বেশ কয়েকটি জোট। এ কর্মসূচির মাধ্যমেই সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন শুরু করেছে বিরোধীরা।