চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৫ পিএম
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নির্বাচিত সংসদ ও সরকারের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, “চট্টগ্রামের উন্নয়ন তো বাংলাদেশের উন্নয়ন। সেদিকে তো কাজ করতেই হবে। অনেক বড় দায়িত্ব। দেখা যাক কি হয়, চেষ্টা করব সবাইকে নিয়ে। বাণিজ্যিক রাজধানীর সাথে অনেক কিছু সম্পর্কিত। সবকিছু নিয়ে আমরা কাজ করব। আশা করি সামনের দিকে যেতে পারবো”।
এর আগে বেলা ১১টায় বিমান বন্দরে পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি নগরীর পাহাড়তলী থানার উত্তর কাট্টলীর নাজির বাড়িতে যান এবং সেখানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন।
সেখানে তিনি সাংবাদিকদের বলেন, “কোনো পৃষ্ঠপোষকতার রাজনীতি আর চলবে না। বাজেট হবে জনবান্ধব। বিগত আমলে ঋণ নেওয়া হয়েছে, কিন্তু তা কোনো ভালো প্রজেক্টে ব্যয় হয়নি। ফলে এই সরকারের ওপর বিশাল ঋণের বোঝা রয়েছে”।
অর্থমন্ত্রী শেয়ারবাজারের অবস্থা প্রসঙ্গে বলেন, “শেয়ার বাজার নিয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। তা বাস্তবায়ন হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে, আস্থা ফিরে আসবে”।