প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২২ ২৩:২০ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২ ১৫:৩৮ পিএম
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের কাউন্সিলে দলের সভাপতি শেখ হাসিনা ও অন্য নেতাকর্মীরা।
জাতীয় মহিলা শ্রমিক লীগকে আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন করা হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির কাউন্সিল অধিবেশনে এই সংশোধনী আনা হয়।
দলীয় প্রথা অনুযায়ী ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম কাউন্সিল অধিবেশন থেকে দলটির আর্থিক রিপোর্ট, গঠনতন্ত্র ও ঘোষণাপত্রও পাশ করা হয়েছে।
কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের বক্তব্যের পর আর্থিক রিপোর্ট তুলে ধরেন কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। পরে এটি কণ্ঠ ভোটে পাশ হয়। এরপর সংশোধিত ঘোষণাপত্র তুলে ধরেন সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এটিও কণ্ঠভোটে পাশ হয়। এটিতে প্রয়োজনে পরবর্তী কমিটি সংশোধন করতে পারবে, এমন অনুমোদনও নেওয়া হয়। বিকাল ৩টায় আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব এবং সঞ্চালনা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এরপরে সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক সংশোধিত গঠনতন্ত্র তুলে ধরেন। এটিও কণ্ঠ ভোটে পাশ হয়।
এছাড়া সংশোধন করা হয়-জেলা ও উপজেলার কমিটি পূর্ণাঙ্গ করার বিধান। সভাপতি-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পর পূর্ণাঙ্গ কমিটি ৪৫ দিনের মধ্যে হতে হবে। ধরে দেওয়া সময়ে না হলে সুষ্পষ্ঠ কারণ দর্শাতে হবে। যদি তা না হয় তাহলে ওই কমিটি বাতিল হবে। উপজেলা পর্যায়ে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হবে না।
এছাড়া দলের কেন্দ্রীয় কমিটিকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ করা হয়েছে। এছাড়াও গঠনতন্ত্রে কিছু বানান সংশোধন করা হয়েছে।