প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৩ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৬ পিএম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান কী হবে, তা রাজনৈতিকভাবে পরে জানানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর । তিনি বলেন, এ নিয়ে সরকারের ভেতরে আলোচনা শেষে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।
সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে বুধবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগকে ছাড়া অনুষ্ঠিত নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে কি না—এমন প্রশ্নে মন্ত্রী বলেন, “জাতীয় ও আন্তর্জাতিক মহল এই নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক হিসেবেই দেখছে। তার ভাষায়, ইনক্লুসিভ হওয়ার কারণেই নির্বাচনটি সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।”
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। গত দেড় বছরে দেশে মবজাস্টিসের ঘটনা ঘটেছে উল্লেখ করে বলেন, “এগুলো নিয়ন্ত্রণে আনা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটুকু খারাপ ছিল, তা উন্নত করার চেষ্টা অব্যাহত থাকবে।”
মির্জা ফখরুল বলেন, “দেশ একটি বড় রাজনৈতিক অস্থিরতার সময় পার করেছে—বিপ্লব, বিদ্রোহ ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গেছে। ফলে সবকিছু তাৎক্ষণিকভাবে স্বাভাবিক হয়ে যাবে—এমন প্রত্যাশার সুযোগ নেই।”
তবে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়াকে তিনি বড় অর্জন হিসেবে দেখেন।
অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “পরিস্থিতি অতটা নাজুক নয়, যতটা ধারণা করা হচ্ছে। ম্যাক্রো অর্থনীতির স্থিতিশীলতা ফিরে আসছে এবং ব্যাংকিং খাতও নিয়ন্ত্রণে এসেছে।”
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে তিনি বলেন, “এই মন্ত্রণালয়ের কাজ সরাসরি তৃণমূল মানুষের সঙ্গে সম্পর্কিত। একে আরও গতিশীল করে জনগণের সমস্যা সমাধানে কাজ করা হবে। যত দ্রুত সম্ভব সিটি করপোরেশন, পৌরসভা, জেলা-উপজেলার নির্বাচন দেওয়া হবে। এসব দুর্নীতি গ্রস্ত প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছি, দুর্নীতি রোধ কারার জন্য।”