প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০২ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৮ পিএম
সংসদীয় দলের নেতা নির্বাচিত হন তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল
এয়োদশ জাতীয় সংসদের নেতা নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার বেলা ১২টায় সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদের নেতা নির্বাচিত করা হয়।
সংসদীয় দলের বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, ‘‘এটা একটি ঐতিহাসিক মূহুর্ত। দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্রকে ধবংস করে দেওয়া, সংসদকে অকার্য্কর করা- এই পর্বের পরে জনগণের অনেক রক্তের বিনিময়ে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি সংসদ পেয়েছি। এই সংসদের মধ্য দিয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমাদের তরুণ নেতা জনাব তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি। আমরা আশাবাদী তার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে।”
বিএনপি মহাসচিব বলেন, ‘‘আজকে আমাদের প্রথম এই সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত হয়েছে, বিএনপির সংসদ সদস্যরা শুল্কমুক্ত কোনও গাড়ি নেবেন না এবং কোনো প্লটও নেওয়া হবে না।”
এর আগে সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপির নবনির্বাচিত সাংসদেরা শপথ নেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ সংসদের ৩০০ আসনের মধ্যে দুইটির আসনের নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে এবং প্রার্থীর মারা যাওয়ায় একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে। বাকি ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন, খেলাফত মজলিস একটি করে আসনে এবং স্বতন্ত্র প্রার্থী ৭টি আসনে বিজয়ী হয়েছেন।
সোমবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেন। এই আসনে উপনির্বাচন হবে।