দ্য হিন্দুকে মির্জা ফখরুল
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৯ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভারতীয় ইংরেজি দৈনিক দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একটি ইস্যুর কাছে জিম্মি হয়ে থাকবে না।’ এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ভারতে সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষ মনে করছে, ভারত ক্রমে অসহিষ্ণু সমাজে পরিণত হচ্ছে। গত শনিবার বার্তা সংস্থা পিটিআইয়ের নেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ওই সাক্ষাৎকারের ভিত্তিতে গতকাল পৃথক প্রতিবেদন প্রকাশ করে দ্য হিন্দু।
২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। পরিবর্তিত পরিস্থিতিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে টানাপড়েন তৈরি হয়। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। এ সময়ের মধ্যে বাংলাদেশ সরকার একাধিকবার ভারতের কাছে দাবি জানিয়েছেÑ তারা যেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায়।
এ প্রসঙ্গে মির্জা ফখরুল দ্য হিন্দুকে বলেন, আমরা বিশ্বাস করি শেখ হাসিনা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন। জনগণের মধ্যে তাকে বিচারের আওতায় আনার দাবি রয়েছে। আমরা মনে করি, ভারত সরকারের উচিত তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, শেখ হাসিনাকে না পাঠালেও দুই দেশের মধ্যে বৃহত্তর কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে কোনো বাধার সৃষ্টি হবে না। ফখরুল বলেন, আমরা ভারতের সঙ্গে আরও উন্নত ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই। তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নেওয়া হবে এবং উন্নয়ন অংশীদারত্ব আরও জোরদার করা হবে। বিএনপি মহাসচিব বলেন, আগামী বছরে গঙ্গার পানি চুক্তি নবায়নের সময় ফারাক্কার পানির বিষয়টি সামনে আসবে।
এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পিটিআইকে বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় না থাকায় ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুনভাবে বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে। তবে এ ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন প্রয়োজন। হুমায়ুন কবির সীমান্তের ওপারে সাম্প্রদায়িক উত্তেজনার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ভারতে সাম্প্রদায়িক সহিংসতা উদ্বেগের বিষয়। বাংলাদেশের মানুষ মনে করছে, ভারত ক্রমে অসহিষ্ণু সমাজে পরিণত হচ্ছে। তিনি বলেন, অনেক কট্টর ডানপন্থী ব্যক্তি তীব্র সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে নির্বাচনে জয়ী হচ্ছেন। তিনি এ প্রবণতাকে ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করেন।
বাংলাদেশের প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির বলেন, জামায়াত চরমপন্থী বক্তব্যের আশ্রয় নেওয়ায় ক্ষমতায় আসতে পারেনি। তার ভাষায়, এ ধরনের বক্তব্য বাংলাদেশে কখনোই নির্বাচনী বিজয় এনে দিতে পারে না। কিন্তু ভারতের মানুষ এ ধরনের বক্তব্যের পক্ষেই ভোট দিচ্ছে। তিনি বলেন, একসময় ভারত একধরনের বহুত্ববাদী দেশ হিসেবে পরিচিত ছিল। বর্তমান প্রবণতা ভারতের জন্য ভালো নয়। আমরা আশা করি এসব চ্যালেঞ্জ অতিক্রম করা যাবে।