প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৮ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১২ এএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রবিবার রাতে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: নাহিদ ইসলামের ফেসবুক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
নাহিদ ইসলামের বাসভবনে রবিবার রাত আটটায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন রাতে নাহিদ ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নাহিদ ইসলামের বাসভবনে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় নাহিদ ইসলাম তাকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা উপহার হিসেবে ফুল, শাপলা কলির প্রতিকৃতি এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে নিহত আনাসের একটি স্মৃতিবিজড়িত চিঠি তুলে দেন।
সাক্ষাৎকালে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে জুলাই-আগস্টের গণহত্যামলায় শেখ হাসিনার রায় কার্যকরসহ বিগত সময়ের সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে নাহিদ ইসলাম জানান, নবগঠিত সংসদে জাতীয় নাগরিক পার্টি দায়িত্বশীল ও কার্যকর বিরোধী দল হিসেবে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে। তবে যেকোনো সংকট সমাধানে সংলাপের পথ উন্মুক্ত থাকবে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।