× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজয়ী বিএনপি ও হাবিবকে অভিনন্দন তাসনিম জারার, জানালেন দেশেই থাকবেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৭ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৪ পিএম

ডা. তাসনিম জারা। ছবি: ফেইসবুক থেকে নেওয়া

ডা. তাসনিম জারা। ছবি: ফেইসবুক থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা। একই সঙ্গে নিজের নির্বাচনি প্রতিদ্বন্দ্বী ও এই আসনের বিজয়ী প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শুক্রবার তাসনিম জারা এই অভিনন্দন জানান। তিনি জানান, নির্বাচনের ফলাফল ঘোষণার পর গত রাতেই তিনি বিজয়ী প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।

পোস্টে তাসনিম জারা লেখেন, “আমরা একটি গঠনমূলক শক্তি হিসেবে কাজ করব। জনকল্যাণমূলক উদ্যোগে আমাদের সমর্থন থাকবে। কিন্তু মানুষের জন্য ক্ষতিকর কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব।

“আমাদের ক্যাম্পেইনে নারীদের অভূতপূর্ব অংশগ্রহণ ছিল এক বড় প্রাপ্তি। অনেক নীতিনির্ধারণী আলোচনায় আমি দেখেছি যে সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নারীরা থাকলে আলোচনার মান বদলে যায়। যে কিশোরী বা তরুণীরা এই প্রচার আগ্রহ নিয়ে দেখেছো, তোমাদেরকে বলছি: স্বপ্ন দেখতে ভয় পেয়ো না। ক্ষমতার কেন্দ্রে তোমারও অধিকার আছে। আমাদের আরও বেশি করে সামনে আসতে হবে”।

তিনি লেখেন, “আমাদের ভলান্টিয়াররা এই পরিচ্ছন্ন রাজনীতির হৃদস্পন্দন। সাধারণ নাগরিকদের রাজনৈতিক সক্রিয়তার যে অনন্য দৃষ্টান্ত আপনারা তৈরি করেছেন, তা সচরাচর দেখা যায় না। মন খারাপ করবেন না। আপনারা মানুষের মন জয় করেছেন, আর সেটাই রাজনীতির সবচেয়ে কঠিন জয়। আমরা সংগঠিত থাকব, সোচ্চার থাকব, একসাথে থাকব”।

ভোটের পর তাসনিম জারা যুক্তরাজ্যে ফিরে যাচ্ছেন কি না—এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে জারা বলেন, “অনেকে ভাবছেন নির্বাচন শেষ হলেই হয়তো আমি যুক্তরাজ্যে ফিরে যাব। আমি কোথাও যাচ্ছি না। আমার শেকড় এই মাটিতে, আমার কাজও এখানে। একটিমাত্র নির্বাচনের জন্য আমরা এই পথচলা শুরু করিনি। আমাদের লক্ষ্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। এটি দীর্ঘ পথ। আর আপনাদের সঙ্গে এই পথ চলা আমার জন্য সম্মানের।

“আমরা প্রমাণ করেছি পরিচ্ছন্ন প্রচারে মানুষের হৃদয় জয় করা যায়। তবে আমাদের সীমাবদ্ধতাও স্পষ্ট হয়েছে। পরিচ্ছন্ন রাজনীতি টিকে থাকতে হলে তাকে শক্তিশালী হতে হবে। নির্বাচনের দিনে প্রতিটি বুথে সাহসী পোলিং এজেন্ট এবং কেন্দ্রের বাইরে সচেতন নাগরিকদের উপস্থিতি গুরুত্বপূর্ণ। একটি শান্তিপূর্ণ রাজনৈতিক মডেলকে রক্ষা করতে হলে আমাদের আরও শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে, যা যেকোনো ভয়ভীতি মোকাবিলা করতে সক্ষম”।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বেসরকারি ফলাফলে হেরেছেন সাবেক এনসিপি নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। ওই আসন থেকে বিজয়ী বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ ধানের শীষ প্রতীকে মোট এক লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়েছেন। অর্থাৎ, তিনি তাসনিম জারার চেয়ে ৬৬ হাজার ৫২৮ ভোট বেশি পেয়েছেন। এই আসনে ফলাফলে জারার অবস্থান হয়েছে তৃতীয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা