× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াত আমিরের অভিযোগ

পোলিং এজেন্ট বের করে দেওয়া ও কেন্দ্র দখলের চেষ্টা হয়েছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৯ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৬ পিএম

নির্বাচনি সার্বিক বিষয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছেন  জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: ভিডিও থেকে

নির্বাচনি সার্বিক বিষয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: ভিডিও থেকে

দেশের কয়েকটি জেলার ভোটকেন্দ্র থেকে জামায়াতের পোলিং এজেন্টদের বের করে দেওয়া এবং কেন্দ্র দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ২টা ১০মিনিটে নির্বাচনি সার্বিক বিষয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “সারাদেশের আমরা যে খবর পেয়েছি, বিএনপি দলীয় যারা ক্যান্ডিডেট তাদের কমী-সমর্থকরা বেশ কিছু জায়গায় সমস্যা তৈরি করেছে। যেমন আমরা খবর পেয়েছি কুমিল্লার বরুড়া। সেখানে বেশ কিছু সেন্টার দখল করে নেওয়া হয়েছে এবং আমাদের প্রার্থীকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে। যা গুরুতর অন্যায়”।

সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে জানিয়ে তিনি বলেন, “যদি কোনো প্রার্থী অথবা প্রার্থীর সমর্থক কিংবা এজেন্ট, কর্মী কোনো ভুল করে থাকেন আমি তো হাতে আইন তুলে নিতে পারি না। তার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ রয়েছে। কিন্তু সেখানেই তাই করা হয়েছে এবং বিভিন্ন সেন্টারও তারা সাময়িকখাবে দখলে নিয়ে নিয়েছিলো। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে সেটা অবমুক্ত করা হয়েছে”।

ভোট গণনার সময়ও যদি এই রকম পরিস্থিতি তৈরি হয় তাহলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না উল্লেখ করে তিনি বলেন, “আমরা আশঙ্কা করছি ভোট শেষ হওয়ার পর গণনার সময় যদি ওই ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় তাহলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না”।

জামায়াত জনগণের মতামতকে প্রাধান্য দেয় জানিয়ে তিনি আরও বলেন, “মানুষের এই উৎসবমূখর পরিবেশটাকে যারা বাধাগ্রস্থ করবে তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এটা আমি মনে করি না।

“মানুষের ভোটের অধিকার হচ্ছে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। এখানে যদি জোর জবরদস্তি করা হয় তাহলে সেটা সেই সিদ্ধান্তের উপর প্রকারান্তরে নগ্ন হস্তক্ষেপ করা হবে। আমরা এই হস্তক্ষেপকে মোটেই পছন্দ করি না। ঠিক অনুরুপভাবে ঘটনা ঘটেছে লাকসামে, ভোলার লালমোহনে”, যোগ করেন তিনি।

তবে শফিকুর রহমান বলেন, “সামগ্রিকভাবে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে”। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এবারের ভোট পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো।”

জামায়াতের আমির আরও বলেন, “অতীতে সব দলের অংশগ্রহণে যে ধরনের গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, সেগুলোর তুলনায় দুপুর ১টা পর্যন্ত ভোটার উপস্থিতি কিছুটা কম”।

তিনি আশা প্রকাশ করেন, পরের দিকে ভোটার উপস্থিতি বাড়বে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা