ঢাকা-১৪
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫২ এএম
বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভোট দেন।
ভোট দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাজু নিজের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছেন। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। কোথাও কোনো বিশৃঙ্খলা চোখে পড়েনি বলেও দাবি করেন তিনি।
কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৭৭৯ জন। সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে, কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোটের হার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখনও আনুষ্ঠানিকভাবে হিসাব করা সম্ভব হয়নি।
কড়া নিরাপত্তা
এ কেন্দ্র পরিদর্শনে আসেন বিজিবির লেফটেন্যান্ট মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান, চারটি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং সড়কে টহল কার্যক্রমও চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অসঙ্গতি বা বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি।
নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি ও সশস্ত্র বাহিনীসহ ৯ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। অধিকাংশ কেন্দ্রে সিসিটিভি ও বডি-ওর্ন ক্যামেরা স্থাপন করা হয়েছে।