প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৯ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩০ পিএম
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমানকে জড়িয়ে ‘একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে’ বলে অভিযোগ করেছে তার দল।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে তিনি বলেন, “ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে প্রকাশ্যে টাকা প্রদানের যেসব অপপ্রচার চালানো হচ্ছে, তা রাজনৈতিকভাবে দেউলিয়া ও নৈতিকভাবে পরাজিত শক্তির ঘৃণ্য ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়”।
তিনি আরও উল্লেখ করেন, জনগণের সমর্থন বাড়তে থাকায় “ভীত হয়ে তারা বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা” করছে।
সম্প্রতি জামায়াতপন্থি আইনজীবী শাহরিয়ার কবির ঢাকা-১৫ আসনে প্রচারপত্র বিলি করার সময় একজন পান বিক্রেতার হাতে এক হাজার টাকার নোট গুঁজে দিচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, একটি দল “দেশজুড়ে টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে”।
বিএনপির এমন বক্তব্যের পরই জামায়াতের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক প্রতিবাদ ও ব্যাখ্যা দেওয়া হলো।