বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৫ এএম
ছবি: বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
আগামীর বাংলাদেশ মানবিক, গণতান্ত্রিক এবং তারেক রহমানের বাংলাদেশ হবে বলে মন্তব্য করেছেন আসন্ন নির্বাচনের নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
শারমিন পুতুল বলেন, ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা ছিল, তা ২০২৬ সালের পর একটি পরিবর্তিত বাংলাদেশ হিসেবে সামনের দিকে এগিয়ে যাবে। আর এই পরিবর্তিত বাংলাদেশের প্রতীক হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নারীদের জন্য আলাদা শিল্পকারখানা স্থাপন করা হবে, যেখানে শুধুমাত্র মা-বোনেরা কাজ করার সুযোগ পাবেন।
বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে জনসভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন খালেক, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আসাদুজ্জামান, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবলু চৌধুরী, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান ও মোহাম্মদ তারিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।