× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-১৮

জাহাঙ্গীর-আদীবের লড়াইয়ের আভাস

মজুমদার ইমরান

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৮ এএম

ঢাকা-১৮ আসনে  বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন (বাঁয়ে) এবং জামায়াত–এনসিপি জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের (ডানে) মধ্যে  হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। কোলাজ ছবি

ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন (বাঁয়ে) এবং জামায়াত–এনসিপি জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের (ডানে) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। কোলাজ ছবি

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে সারা দেশে জমে উঠেছে নির্বাচনি প্রচার। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। ভোটারদের মন জয়ের আশায় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

এর বাইরে নেই ঢাকা-১৮ আসনও। ঢাকার উত্তরা, খিলক্ষেত, নিকুঞ্জ ও দক্ষিণখান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নিয়ে এই আসনটি গঠিত। এখানে উচ্চবিত্তের পাশাপাশি মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরাও বসবাস করেন।

আসনটিতে মোট ভোটার ৬ লাখ ৯ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ১১ হাজার এবং নারী ভোটার ২ লাখ ৯৭ হাজার।

ঢাকা মহানগর উত্তরের গুরুত্বপূর্ণ এই আসনে এবার নির্বাচনি সমীকরণ ভিন্ন রূপ নিয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ মাঠে না থাকায় আসনটি এখন কার্যত তীব্র প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দুতে।

ভোটারদের মতে, আসনটিতে মূল প্রতিযোগিতা হবে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন (ধানের শীষ) এবং জামায়াত–এনসিপি জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের (শাপলা কলি) মধ্যে।

এই আসনের অন্য প্রার্থীরা হলেনÑ ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আনোয়ার হোসেন (হাতপাখা), স্বতন্ত্র মো. মহিউদ্দিন হাওলাদার (রেল ইঞ্জিন), জাতীয় পার্টির মো. জাকির হোসেন (লাঙ্গল), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ’র সৈয়দ হারুন-অর-রশীদ (মই), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সাবিনা জাবেদ (আম), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র জসিম উদ্দিন‌‌‌ (মোমবাতি), স্বতন্ত্র মো. ইসমাইল হোসেন ( হরিণ), নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না (কেটলি)। 

সরেজমিন উত্তরার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে বেশ আগ্রহ রয়েছে। তারা নিজেদের নিরাপত্তাকে বড় করে দেখছেন। অন্যান্য এলাকার মতো এই আসনেও খেলাধুলার মাঠ সংকট, মাদক, রাস্তাঘাটের বেহাল দশা, সামাজিক নিরাপত্তা, জলাবদ্ধতা নিরসন, চাঁদাবাজি এবং যানজটের সমস্যা রয়েছে। বিশেষ করে এলাকার বাসিন্দারা আইনশৃঙ্খলার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। 

ভোটাররা বলছেন, যে প্রার্থী এলাকার সমস্যা সমাধান করতে পারবেন, তাকেই আমরা ভোট দিয়ে সংসদে পাঠাব। বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেনের সঙ্গে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট প্রার্থী আরিফুল ইসলাম আদীবের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

তবে এই আসনে এস এম জাহাঙ্গীরকে এগিয়ে রাখছেন ভোটাররা। তাদের ভাষ্য, এলাকায় যেকোনো সামাজিক এবং সাধারণ মানুষের বিপদে জাহাঙ্গীর হোসেনকে ডাকা মাত্র পাওয়া যায়। তিনি সাধারণ মানুষের ভাষাও খুব সহজে বুঝতে পারেন। তিনি নির্বাচিত হলে এই আসনে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। জামায়াত জোটের প্রার্থী নির্বাচিত হবে বলেও কেউ কেউ মনে করছেন। 

আরিফুল ইসলাম আদীব বলেন, জোটের কারণে এই আসন থেকে প্রার্থী হয়েছেন। ভোটাররা তাকে নির্বাচিত করলে তিনি এলাকায় বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করবেন। 

বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচন কমিশনের নির্বাচনি আচারণবিধি মেনে যতটুকু কাজ করা যায়, সেটুকু আমরা করছি। আর ঢাকা-১৮ আসনের ভোটাররা আমাকে নির্বাচিত করলে এলাকায় উন্নয়নে সব সময় পাশে পাবেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা