× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানের পরিবেশবান্ধব প্রচার

কাগজের বুক চিরে সবুজের হাতছানি

ফারুক আহমাদ আরিফ (ঢাকা) ও অরুপ রতন (বগুড়া)

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪১ পিএম

তারেক রহমানের পরিবেশবান্ধব নির্বাচনি লিফলেট। ছবি: ফেইসবুক থেকে

তারেক রহমানের পরিবেশবান্ধব নির্বাচনি লিফলেট। ছবি: ফেইসবুক থেকে

দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সংসদ ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচনি প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। যদিও নির্বাচন কমিশনের সিদ্ধান্তে এবারে প্রার্থীরা পোস্টার ব্যবহার করতে পারছেন না। লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন, ব্যানার বা বিলবোর্ডেই তাদের প্রচারণার মাধ্যম। তবে এরই মধ্যে ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা তাদের প্রচারণায় এনেছেন নানা কৌশল। নানাভাবে-নানামাধ্যমে তারা প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এ ক্ষেত্রে অভিনবত্ব দেখিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১৭ ও বগুড়া-৬ (বগুড়া সদর) আসনের নির্বাচনি প্রচারণায় এসেছে আধুনিক ভাবনার প্রতিফলন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের এই দুই নির্বাচনি এলাকায় প্রচারের জন্য ব্যবহৃত হচ্ছে পরিবেশবান্ধব নির্বাচনি লিফলেট বা কার্ড। যাকে বলা হচ্ছে ‘সিড পেপার‘ বা ‘বনকাগজ’। সংশ্লিষ্টরা বলছেন, এই লিফলেট শুধু ভোটারদের কাছে বার্তা পৌঁছানোর মাধ্যম নয়, বরং এর ভেতরে লুকিয়ে আছে পরিবেশ রক্ষার এক অভিনব ভাবনা। কারণ, এই কার্ডে রয়েছে প্রাণের স্পন্দন। কারণ, এসব কার্ড পানি ও মাটির স্পর্শ পেলেই গজাবে গাছ। আবর্জনার পরিবর্তে ঘটবে সবুজের সমারোহ। 

পরিবেশবাদী সংগঠনগুলো এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছে, “দেশে বনভূমি কমছে। বন উজাড় হচ্ছে। সবুজের উপস্থিতি কমছে। এ ধরনের উদ্যোগ পরিবেশ দূষিত না করে প্রকৃতিকে সবুজ করে তুলবে”।

বনকাগজের উদ্যোক্তা মাহবুব সুমন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “তারেক রহমানের দুটি আসনের জন্য প্রচার কার্ড প্রস্তুত হচ্ছে। এসব কার্ডে রয়েছে দেশি টমেটো, মরিচ, লালশাক ও ডাটা শাকের বীজ।’ তিনি বলেন, ‘একটি বড় বনকাগজে ২০০ থেকে ২২০টি বীজ থাকছে। এসব কার্ড মাটিতে পড়লে বা পানির সংস্পর্শে এলে কাগজ পচে গজিয়ে উঠবে সবজি চারা”।

বনকাগজের ভেতরে থাকা বীজের ২৫-৩০ শতাংশ অঙ্কুরোদগম হবে জানিয়ে তিনি বলেন, “কাগজটি আস্ত অথবা ছিঁড়ে টুকরো করে ফেলে দিলেই হবে। ৮ থেকে ১০ দিনের মধ্যে বীজ অঙ্কুরোদ্গম হবে”।

তবে তখন মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকার কথা উল্লেখ করে মাহবুব সুমন বলেন, “মাটি আর্দ্র না হলে কাগজটি মাটির ওপর রেখে একটু ভিজিয়ে দিলেও চলবে। অনেকটা মাটিতে বীজ ছিটিয়ে দেওয়ার মতো। একটি বনকাগজ এক বছরের ভেতর মাটির সংস্পর্শে এলেই বীজের অঙ্কুরোদগম হবে”।

পুনঃপ্রক্রিয়াজাতকরণে কাগজের মণ্ড তৈরির সময় ভেতরে শাকসবজির বীজ দিয়ে দেওয়া হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল এ বনকাগজের কার্ডের অর্ডার দিয়েছে। 

বনকাগজের কার্ড প্রসঙ্গে বগুড়া সদরের নতুন ভোটার মাসুদ রানা বলেন, “ধানের শীষ প্রতীকের কাগজের কার্ড থেকে চারা গজাবে এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। বিষয়টি অভিনব। পরিবেশবান্ধব এ উদ্যোগ তরুণ ভোটারদের আকৃষ্ট করবে”।

তারেক রহমানের নির্বাচন পরিচালন সমন্বয়কারী ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “বগুড়া সদরে তারেক রহমানের পক্ষে পরীক্ষামূলক কিছু বীজযুক্ত কার্ড বিতরণ করা হয়েছে। আমরা এখনও পর্যাপ্ত কার্ড পাইনি। পর্যাপ্ত কার্ড হাতে পেলে আনুষ্ঠানিকভাবে এই ব্যতিক্রম কার্ড বিতরণ করা হবে”।

তারেক রহমানের নির্বাচনি প্রচারের এই অভিনব পন্থাকে সাধুবাদ জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি স্থপতি ইকবাল হাবিব প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “পরিবেশের জন্য সংবেদনশীল যেকোনো উদ্যোগকে স্বাগত জানাই। বনকাগজের ধারণাটি তারেক রহমানের দূরদর্শী ভাবনার প্রকাশ। এ ধরনের উদ্যোগ আমাদের পরিবেশকে সুন্দর করতে সহায়ক হবে”।

অন্যান্য রাজনৈতিক দলগুলোও এ ধরনের পরিবেশবান্ধব প্রচারণার উদ্যোগ নেবে বলে তিনি প্রত্যাশা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. খলিলুর রহমান বলেন, “নির্বাচনি প্রচারণা কার্ডে তারেক রহমান শাকসবজির বীজ দিচ্ছেনÑ এটি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। বিষয়টি আমাদের দেশে নতুন হলেও আশা জাগানিয়া। পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাই। পলিথিন প্রতিনিয়ত পরিবেশ, পানি ও মাটিকে দূষিত করছে। এ থেকে মুক্তি পেতে বনকাগজের মতো পরিবেশবান্ধব প্রচারণা আশা জাগায়। এটি ভবিষ্যৎ রাজনীতির জন্যও একটি টেকসই ও দায়িত্বশীল দৃষ্টান্ত”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা