শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৯ পিএম
শেরপুরে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের সন্তান কোলে নিয়ে রবিবার কবর জিয়ারত করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
এক্স হেন্ডেলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সেই বিতর্কিত পোস্টের কারণে কোনো মা-বোন এতে কোনো কষ্ট পেয়ে থাকলে তার জন্য ক্ষমা চেয়েছেন দলটির প্রধান।
শেরপুরের শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে রবিবার নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “তারা আমার ভেরিফায়েড ‘এক্স’ হ্যান্ডেল হ্যাক করেছিল। পরে সেখান হতে মায়েদের নিয়ে নোংরা মন্তব্য ছড়াচ্ছিল। সাত ঘন্টা চেষ্টার পর সেই আইডির নিয়ন্ত্রণ আমার এডমিন নিয়েছে। আমার কোনো মা-বোন এতে কোনো কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাক করে ষড়যন্ত্র করেছে একটি গোষ্ঠী”।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমি আমার মায়েদের কীভাবে সম্মান করি, আমার মায়েরা তার সাক্ষী, বাংলাদেশের ৯ কোটি মা তার সাক্ষী”।
একদল লোক নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অ্যাকাউন্ট হ্যাক করে সম্মানহানি করছে উল্লেখ তিনি বলেন, “আমার টুইটার যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে ১৫ ঘণ্টা আগে মায়েদের নিয়ে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ একটা বক্তব্য দিয়ে দিছে। একটা দল দেখলাম যে হইহই রইরই করে মিছিল শুরু করে দিছে। যারা মায়েদের সম্মান করতে জানে না, তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে, ঠাকুরঘরে কে, আমি কলা খাই না”।
নারীদের বিভিন্ন জায়গায় অসম্মান করা হচ্ছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “যারা নারীদের অসম্মান করে তারা চার পায়ের জন্তু”।
নারীদের ‘মা’ সম্বোধন করে তিনি বলেন, “মায়েদের বিভিন্ন জায়গায় অসম্মানিত করা হচ্ছে। যারা করছেন তারাও মায়ের সন্তান। তাদের প্রতি আমাদের অনুরোধ—আপনারা আপনাদের মা, স্ত্রী, বোনকে সম্মান করতে শিখুন”।
ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, “নিজের পরিবারকে সম্মান করতে জানলে ৯ কোটি মাকে সম্মান করতে পারবেন। যারা নারীদের অসম্মান করে তারা অমানুষ। সমাজে নৈতিক অবক্ষয় বাড়ছে। নারীদের মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হতে হবে”।
বিএনপি জামায়াত সংঘর্ষে ২৮ জানুয়ারি ঝিনাইগাতীতে নিহত মাওলানা রেজাউল করিমের ঘটনা স্মরণ করে তিনি বলেন, “রাজনীতির নাম যদি মানুষ খুন হয় সেই রাজনীতি আমরা ঘৃণা করি। একটি দল চব্বিশ পরবর্তী সময়ে মাত্র সতেরো মাসেই নিজেরা নিজেদের দুই শতাধিক লোককে দুনিয়া হতে সরিয়ে দিয়েছে।
এমন রাজনীতি আমরা চাই না। রেজাউল করিম হত্যার তিনদিন হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। আজ বিমানবন্দরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে হঠাৎ দেখা, এ বিষয়ে বললাম। পরে এক পুলিশ অফিসার আমার সাথে এ বিষয়ে কথা বললেন, গ্রেফতারের চেষ্টা চলছে। আমি উনাকে বললাম, এ চেষ্টা কিয়ামত পর্যন্ত চললে তো হবে না”।