ডোনাল্ড ট্রাম্প এবং তারেক রহমান। ছবি: কোলাজ (প্রতিদিনের বাংলাদেশ)
নিজের অথবা দেশের স্বার্থের ক্ষেত্রে ট্রাম্প খুব যুক্তিসঙ্গত মানুষ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
১৭ বছর নির্বাসনের পর দেশে ফিরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এক কথা বলেছেন তিনি।
সম্প্রতি, অন্যান্য আরও অনেক দেশের পাশাপাশি বাংলাদেশের উপর ২০% "পারস্পরিক" শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। যা দেশের রপ্তানি-নির্ভর অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। এই বিষয়ে তার কাছে জানতে চাইলে তারেক রহমান বলেন, “ডোনাল্ড ট্রাম্প তার দেশের স্বার্থ দেখবেন, আমি আমার দেশের। তবে আমরা একে অপরকে সাহায্যও করতে পারি। আমি নিশ্চিত ট্রাম্প অত্যন্ত যুক্তিসঙ্গত একজন মানুষ।"
তবে তারেক রহমান বলেছেন, দেশের বাণিজ্য ঘাটতি কমাতে এবং সম্ভাব্যভাবে বোয়িং বিমান এবং মার্কিন জ্বালানি অবকাঠামো কিনে ক্ষতিপূরণ নিয়ে আলোচনা করার উপায়গুলি নিয়ে ঘাটাঘাটি করছেন তিনি।
দেশে ফেরার পর গত কয়েক সপ্তাহ তারেক রহমানের জন্য ছিল ঘটনাবহুল। ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন, ঢাকার বিমানবন্দরে রাতভর অপেক্ষা করা কয়েক লাখ সমর্থকের উচ্ছ্বসিত অভ্যর্থনায়। মাত্র পাঁচ দিন পরই দীর্ঘ অসুস্থতার পর মারা যান তার মা, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রাজধানীতে তাকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। চোখ ভিজে আসে তারেক রহমানের। তিনি বলেন, “মনটা খুব ভারী। কিন্তু মায়ের কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি যে, যখন দায়িত্ব আসবে সেটা পালন করতেই হবে।”
বাংলাদেশের সামনে সমস্যার শেষ নেই। উচ্চ মূল্যস্ফীতি ও দুর্বল টাকার কারণে সাধারণ মানুষের প্রকৃত আয় কমছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় আমদানি সীমিত হয়েছে, যা শিল্প ও জ্বালানি খাতে প্রভাব ফেলছে। অর্থনীতি এখনো তৈরি পোশাক ও প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল। তরুণ বেকারত্ব ১৩.৫ শতাংশ, আর প্রতি বছর প্রায় ২০ লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করছে—নতুন প্রজন্মের জন্য সুযোগ তৈরি করা এখন জরুরি।
তবে তারেক রহমান নিজেও বিতর্কের ঊর্ধ্বে নন। তার পরিচয়ের বড় অংশই বংশগত—খালেদা জিয়া ও স্বাধীনতার নায়ক জিয়াউর রহমানের সন্তান হিসেবে তিনি সেই রাজনৈতিক দ্বন্দ্বের এক প্রান্তে দাঁড়িয়ে, যা বাংলাদেশের রাজনীতিকে জন্মলগ্ন থেকেই নিয়ন্ত্রণ করে আসছে (অন্য প্রান্তে শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা)।
সমর্থকদের কাছে তিনি নিপীড়িত এক উদ্ধারকর্তা। বিরোধীদের চোখে তিনি ক্ষমতালোভী, সুবিধাভোগী এক ‘ডার্ক প্রিন্স’, যার নেতৃত্বের একমাত্র যোগ্যতা জন্মসূত্রে পাওয়া। তবে তারেক রহমান নিজে বলেন, “বাবা-মার ছেলে বলে নয়। আমি এখানে আছি আমার দলের সমর্থকদের কারণে।”
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির শাসনামলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টানা চার বছর বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত করেছিল। সংস্কারপন্থীদের আশঙ্কা—শেখ হাসিনাকে উৎখাতে নিহত প্রায় ১,৪০০ মানুষের রক্ত যেন আরেকটি আত্মকেন্দ্রিক শাসন তৈরি না করে।
তবে সব দুর্নীতির অভিযোগ অস্বীকার করে তারেক রহমান বলেন, “তারা কিছুই প্রমাণ করতে পারেনি।
“যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি আমাদের বিশাল দায়িত্ব রয়েছে। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, ঐক্যবদ্ধভাবে, যাতে করে মানুষ রাজনৈতিক অধিকার পায়,” বলেছেন তারেক রহমান।
লন্ডনে থাকাকালে রিচমন্ড পার্কে হাঁটা আর ইতিহাস বই পড়াই ছিল তার প্রিয় সময়। দেশের জনগণের কাছে তিনি নিজেকে একজন নীতিনির্ভর মানুষ হিসেবে তুলে ধরেছেনন। ভূগর্ভস্থ পানির স্তর ফেরাতে ১২ হাজার মাইল খাল খনন, বছরে ৫ কোটি গাছ লাগানো, ঢাকায় ৫০টি সবুজ এলাকা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, প্রবাসী শ্রমিকদের দক্ষতা উন্নয়ন—এমন নানা পরিকল্পনার কথা ইতমধ্যেই জানিয়েছে তিনি।
তার ভাষ্য, “যে পরিকল্পনা নিয়ে এসেছি, আমি যদি এর ৩০ শতাংশও বাস্তবায়ন করতে পারি, মানুষ আমাকে সমর্থন করবে।”
২০০৭–০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি ১৮ মাস কারাবন্দি ছিলেন, সেখানে নির্যাতনের শিকার হন। সেই শারীরিক সমস্যা আজও তাকে ভোগায়। সেই কষ্ট স্মরণ করে তিনি বলেন, “ যখন শীত বেশি হয় আমার পিঠের ব্যথাটা বেড়ে যায়। তবে আমি এটাকে একটা রিমাইন্ডার হিসেবে দেখি। যেটা আমাকে মনে করিয়ে দেয় মানুষের প্রতি আমার কি দায়িত্ব আছে। আমাকে আমার সর্বোচ্চটা দিতে হবে, যাতে করে ভবিষ্যতে কেউ আমার মতো কষ্ট না পায়।”
চাকরিতে কোটা নিয়ে শুরু হওয়া আন্দোলন দমন করতে গিয়ে হাসিনার কঠোরতা দেশজুড়ে বিস্ফোরণ ঘটায়। সামরিক হেলিকপ্টারে করে ভারত পালিয়ে যান তিনি। তবে পালিয়ে গেলেই শাস্তি থেকে কেউ রেহাই পাবে না উল্লেখ করে তারেক রহমান বলেন, “যে কেউই অপরাধ করুক না কেনো, দেশে আইন আছে। যে অপরাধ করবে, তাকে শাস্তি পেতেই হবে।”
৫ আগস্টের পর ভারতের সাথে বাংলাশের সম্পর্ক নড়বড়ে। ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনও বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, “আমাদের স্বার্থ আগে, তারপর সম্পর্ক।”