× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাটওয়ারীর ওপর হামলা মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে হয়েছে: নাহিদ ইসলাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ ১৭:১২ পিএম

জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছেন এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম, পাশেই এনসিপি'র মূখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: বিবিসি বাংলা

জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছেন এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম, পাশেই এনসিপি'র মূখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: বিবিসি বাংলা

ঢাকার রমনায় হাবিবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা "মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে" ঘটেছে এবং "ছাত্রদলের চিহ্নিত সন্ত্রাসী-ক্যাডাররা পরিকল্পনা করে এটি করেছে," বলে মন্তব্য করেছেন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি - এনসিপি'র আহ্বায়ন নাহিদ ইসলাম।

হামলার ঘটনার পর মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

এই হামলাকে "পরিকল্পিত সন্ত্রাসী হামলা" হিসেবে অভিহিত করে তিনি হুঁশিয়ারি দেন, "আপনারা একদিকে ভালো ভালো কথা বলবেন, আরেকদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায়, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন; এইটা আমরা এই বাংলাদেশে হইতে দিবো না...। আজকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি নির্বাচন কমিশনের প্রতি, দেখতে চাই এর ব্যবস্থা কী নেয়। কলেজ প্রশাসন কী ব্যবস্থা নেয় এবং বিএনপি দলীয়ভাবে এর কী ব্যবস্থা নেয়।"

"এরপর বাকি জবাব আমরা রাজপথে দিবো, ১২ তারিখে," যোগ করেন তিনি।

এখানে উল্লেখ্য, জামায়াত নেতৃত্বাধীন ১০-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করছেন এনসিপি'র নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই একই আসনে আছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তাই, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করার ঘটনার পর সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে বলেন, "আগে যা করছেন করছেন, সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন, তাহলে এবার নির্বাচনে এটার পরিণতি ভালো হবে না। নির্বাচন মানে কথার লড়াই। আপনি একটা কথা বলবেন, আমি একটা কথা বলবো। জনগণ সিদ্ধান্ত নিবে, তারা কাকে ভোট দিবেন। আপনারা জনগণকে কেন সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না? জনগণ ১২ই ফেব্রুয়ারি নির্ধারণ করবে, কে বেয়াদব আর কে গ্যাংস্টার। কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে।"

"মির্জা আব্বাসের ইতিহাস আমরা জানি। আমরাও এই ঢাকা শহরে বড় হইছি। জিয়াউর রহমান মির্জা আব্বাসকে ডেকে একটা হুন্ডা এবং ৩০ টাকা দিয়ে বলছিলো যে আমার সাথে রাজনীতি করো এবং ইলেকশনে কাজ করো। ওইখান থেকে বিএনপি'র সাথে তার রাজনীতিতে যাত্রা। সেই জায়গা থেকে তিনি ঢাকা শহরে সাম্রাজ্য তৈরি করছেন। এই সাম্রাজ্য কীভাবে হইছে, তা এই ঢাকা শহরের, বাংলাদেশের মানুষ জানে," যোগ করেন তিনি।

এসময় এই তরুণ নেতা আরও বলেন, “কিছু হলেই জামায়াতের অতীত নিয়ে কথা বলা হয়। কিন্তু তাদের (বিএনপি'র) নিজেদের অতীত কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। ২০০১ থেকে ২০০৬, বাংলাদেশের মানুষ ভুলে নাই। অতীত ধরে কথা বললে সবার অতীত ধরে আমরাও কথা বলবো।"

এর আগে মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১১ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা