× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন প্রসঙ্গে মঞ্জু

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে ভিন্ন অবস্থান নিতে বাধ্য হব

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬ ১৪:৪২ পিএম

ফেনী শহরে বৃহস্পতিবার নির্বাচনী প্রচার শুরু করেন মজিবুর রহমান মঞ্জু। প্রবা ফটো

ফেনী শহরে বৃহস্পতিবার নির্বাচনী প্রচার শুরু করেন মজিবুর রহমান মঞ্জু। প্রবা ফটো

নির্বাচনে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলে দাবি করেছেন এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী- ২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু।

ফেনী শহরের কেন্দ্রীয় বড় মসজিদ এলাকায় বৃহস্পতিবার দুপুরে ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার শুরু করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, “গতকালও বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে, ঢাকা শহরে নারীদের আঘাত করা হয়েছে, সেদিন চট্টগ্রামে অভিযানে গিয়ে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। এ ধরনের ঘটনা আরও বহু জায়গায় ঘটছে। আমাদের নেতা-কর্মীদের নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। বড় দল, ছোট দল, মাঝারি দল- এমন বিভেদ করবে না বলে প্রশাসন আশ্বস্ত করেছে। প্রত্যেক প্রার্থী, কর্মী ও ভোটারদের নিরাপত্তাসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা নির্বাচনের ব্যাপারে ভিন্ন অবস্থান নিতে বাধ্য হব।”

রাষ্ট্রের গুণগত পরিবর্তনের কথা উল্লেখ করে মজিবুর রহমান মঞ্জু বলেন, “জাতীয়ভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করতে না পারলে স্থানীয়ভাবে উন্নয়নে বড় কিছু করা সম্ভব না। সেজন্য এ রাষ্ট্রের গুণগত পরিবর্তন ও সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে আমাদের ১০ দলীয় জোটের ঐক্যবদ্ধ হয়ে ঐক্যমত্য কমিশনে এসব নিয়ে আমরা দাবি তুলে কথা বলেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে দলটি ৩১ দফা সংস্কারের কথা বলেছে তারা এ আলোচনায় নোট অফ ডিসেন্ট দিয়েছে।”

তিনি বলেন, “আমরা আশঙ্কা করছি, কোনো একটি দল যদি একচ্ছত্র বা এককভাবে ক্ষমতায় যায় তাহলে এ সংস্কার প্রস্তাবগুলো না মানতেও পারেন। উনারা অনেকে ‘না’ ভোট দেওয়ার ব্যাপারেও কথাবার্তা বলছেন। আমরা চাচ্ছি গণভোটে যেন সকলে ‘হ্যাঁ’ভোট দেন।”

প্রবাসীদের উদ্দেশ্যে মঞ্জু বলেন, “আজ থেকে প্রবাসীদের ভোটগ্রহণ শুরু হচ্ছে। আপনারা (প্রবাসী) এমনভাবে ভোট ও অধিকার প্রয়োগ করবেন, যেন আপনারা যেসব উন্নত দেশে থাকেন সেখানকার মতো এ দেশও পরিবর্তন করা যায়। আপনাদের ভোটেই যেন এ দেশ উন্নত হতে পারে- তা খেয়াল রাখতে হবে।”

ফেনী শহর শাখা শিবিরের সভাপতি ওমর ফারুকের পরিচালনায় এ সময় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য একেএম সামছুদ্দিন, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহিম, এনসিপির জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক, এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক আফলাতুন বাকীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা