প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ ২০:১০ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬ ২১:৫৮ পিএম
হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করছেন তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেইসবুক পেইজের থেকে নেওয়া
সিলেট হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সিলেট বিমানবন্দর থেকে বাসে করে বুধবার রাত ৯ টার দিকে তিনি মাজারে পৌঁছান। সেখানে নেতাকর্মীদের সাথে মাজার জিয়ারত করেন তিনি।
এর আগে গুলশানের বাসভবন থেকে বুধবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। সিলেট বিমানবন্দরে রাত ৭টা ৫৮মিনিটে তাকে বহনকারী বিমান অবতরণ হয়।
তারেক রহমানের সঙ্গে সফরে গেছেন ১৩ সদস্যের প্রতিনিধি দল। দলে আছেন তার স্ত্রী ডা. জোবায়দা রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এদিন সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের মুখপাত্র মাহাদী আমীন জানান, সিলেট থেকে নির্বাচনি প্রচারাভিযান শুরু করতে রাত সোয়া ৮টায় বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। তিনি গভীর রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন।
সিলেট সফরের পর তারেক রহমান পর্যায়ক্রমে মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকা এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য রাখবেন।
সবশেষ ২২ বছর আগে তারেক রহমান সিলেট গিয়েছিলেন জেলা বিএনপির কর্মী সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব হিসেবে। সেই সময়ে জাতীয় সংসদ নির্বাচনের আগে তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দলের প্রধান হিসেবে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করতেন।
প্রথা অনুযায়ী তারেক রহমানও সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করতে গেলেন।