প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ ১৭:১৯ পিএম
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ লেগো। ছবি: বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ফেসবুক
মওলানা ভাসানীকে ছাড়া বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস রচনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া।
তারা বলেন, “যারা স্বাধীনতার ইতিহাস থেকে মওলানা ভাসানীকে বাদ দিয়ে ইতিহাস রচনা করতে চান, তারাই একদিন ইতিহাস থেকে হারিয়ে যাবেন। মনে রাখতে হবে ভাসানীর বাংলাদেশে কোনো অপশক্তির ঠাঁই হবে না, হতে পারে না”।
মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তনের ৫৪তম বার্ষিকী উপলক্ষ্যে বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন তারা।
বিবৃতিতে তারা বলেন, “শাসকগোষ্ঠীর দেশবিরোধী-গণতন্ত্র বিরোধী, লুটেরাগোষ্টির বিরুদ্ধে মওলানা ভাসানীর খামোশ’ উচ্চারণ জাতি এখনো শুনতে চায়। মজলুম জননেতা ভাসানী মার খাওয়া মানুষের নেতা। মেহনতি মানুষের ‘লাল মওলানা’ রামধনুর মতো। অনেক রং, একটার সঙ্গে আর একটা মিশে যাচ্ছে। কখনও আবার মিশছে না, পাশাপাশি ছুঁয়ে আছে একে অন্যকে।
“মওলানা ভাসানী ছিলেন বহুমাত্রিক মানুষের মত, এই উপমহাদেশের মত। এই মাটিকে আত্মস্থ না করে, এই মাটির কৃষক চেতনা এবং কৃষক বিদ্রোহের ইতিহাসের নিবিড় পাঠ ব্যতিরেকে তাঁকে বোঝা অসম্ভব”।
বিবৃতিতে তারা আরও বলেন, “মওলানা ভাসানী আজীবন ছিলেন মজলুমের কণ্ঠস্বর। আপোসহীন ভাষায় উচ্চারণ করেছেন ‘খামোশ’! শান্তি এবং নিরাপত্তার কথা চিন্তা করেছেন পুরো পৃথিবীজুড়ে। এখনো দাপিয়ে বেড়াচ্ছেন বাংলার জনপদ, থেকে গেছেন কৃষক-শ্রমিক মজলুম মানুষের হৃদয়ে। স্বাধীনতার ৫৩ বছর পরেও গণতান্ত্রিক সংকট উদ্ধারে মওলানা ভাসানীকে আজকে বরই প্রয়োজন; যে চিৎকার দিয়ে স্লোগানে বলতে পারবে “বাঁশের লাঠি তৈরি কর, গণতন্ত্র কায়েম কর,” জনগণ ঐক্য গড়, যোগ্য লোককে সংসদে পাঠাও”।