প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬ ১২:৫২ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬ ১৫:২৩ পিএম
নির্বাচন ভবনের সামনে রবিবার অবস্থান কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী ছাত্রদল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগসহ তিন বিষয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ দাবি করে নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সংগঠনটির নেতাকর্মীরা রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এই কর্মসূচি শুরু করেন।
সেখানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত আছেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী কর্মসূচিতে অংশ নিয়েছেন।
এদিন সকাল ১০টা থেকে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ দিনের আপিল শুনানি চলছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি শুরু হয়।
গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন ১ হাজার ৮৪২ জন (আপিলে বাদ চারজন)। এরপর বাছাইয়ে বাদ পড়া ৭২৩ জনের মধ্যে ৫-৯ জানুয়ারি ৬৪৫ জন আপিল করেছেন। ১০-১৭ জানুয়ারি টানা আট দিন আপিলে প্রায় ৪০০ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
ছাত্রদলের ৩ ইস্যু
১. পোস্টাল ব্যালট-সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচনপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।
২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিকে প্রশ্নবিদ্ধ করে।
৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।
দুপুর ১২টার দিকে শেরে বাংলানগর থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সকাল থেকে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করে ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা ঘটনাস্থলে আছি। ছাত্রদলের নেতা কর্মীরা এখন বক্তব্য দিচ্ছেন।