বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ২০:৫৩ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ২১:১১ পিএম
মোংলায় খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি: প্রতিদিনে বাংলাদেশ
বাগেরহাটের মোংলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে হামলার ঘটনার ঘটেছে।
এ ঘটনায় সোবাহান মোল্লা (৩০) ও মো. মাইনুল (২৫) নামে দুইজন আহত হয়েছেন।
মোংলা হেলিপ্যাড মাঠে সোমবার বিকালে আয়োজিত এ দোয়া মাহফিলে হামলার ঘটনা ঘটে।
অনুষ্ঠানের আয়োজন করেন বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম।
দোয়া মাহফিলে হামলার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দোয়া মাহফিল শুরুর আগেই একদল লোক হামলা চালিয়ে প্রায় দেড় হাজার মানুষের জন্য প্রস্তুত করা খাবার লুট করে নিয়ে যায় এবং বেশ কিছু খাবার নষ্ট করে ফেলে।
এতে বাধা দিতে গেলে দুইজন আহত হন।এ সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন প্রাণ বাঁচাতে মোংলা থানাসহ আশপাশের বিভিন্ন স্থানে আশ্রয় নেয় বলে জানান তারা।
তার আরও জানান, খবর পেয়ে মোংলা থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হামলায় আহত রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোবাহান মোল্লা জানান, হামলার সময় জীবন বাঁচাতে তিনি মোবাইল ফোন ফেলে থানার ভেতরে আশ্রয় নেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
তিনি অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ দল পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং দোয়া মাহফিলটি বানচাল করতেই এ ঘটনা ঘটানো হয়েছে।
এ সময় ঘটনাস্থলে থাকা ডেকোরেটর মালিক ও বাবুর্চিদেরও হুমকি-ধামকি দেওয়া হয় বলেও জানান তিনি।
মোংলা থানার সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।